সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, একটি ফাইটিং কেজের ভেতরে দূর থেকে রিমোটের মাধ্যমে পরিচালিত রোবটটির বিপক্ষে লড়ছেন জনপ্রিয় সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার ফ্র্যাঙ্কি লাপেনা। ম্যাচ শুরুর আগে রোবটটিকে পেশাদার খেলোয়াড়দের মতো রিংয়ের চারপাশে ঘুরে শরীর গরম করতেও দেখা যায়।
লড়াই শুরু হওয়ার পর লাপেনা রোবটকে লক্ষ্য করে কয়েকটি ঘুষি দেন। পাল্টা প্রতিক্রিয়ায় রোবটটি ঘুষির পাশাপাশি শক্তিশালী লাথি মারে। এক পর্যায়ে রোবটের লাথির আঘাতে লাপেনা খাঁচার এক প্রান্ত থেকে ছিটকে অন্য প্রান্তে চলে যান। এতে রোবটটির জোরালো আঘাত করার সক্ষমতা স্পষ্ট হয়ে ওঠে।
‘আরইকে’ তাদের এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টে জানায়, মানুষ ও টার্মিনেটর রোবটের এই লড়াইয়ের মধ্য দিয়ে তারা প্রথমবারের মতো ইতিহাস সৃষ্টি করেছে। প্রতিষ্ঠানটি আরও জানিয়েছে, ম্যাচটির বিস্তারিত ভিডিও ফুটেজ পরবর্তী সময়ে প্রকাশ করা হবে।
ভিডিও প্রকাশের পর বিষয়টি নিয়ে ইন্টারনেটে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। অনেকের ধারণা, ভবিষ্যতে মানুষ নিয়ন্ত্রিত রোবট পেশাদার লড়াইয়ের একটি অংশ হয়ে উঠতে পারে। এক ব্যবহারকারী মন্তব্য করেছেন, আগামী পাঁচ বছরের মধ্যে এআই প্রযুক্তির সহায়তায় মানুষ ও রোবটের লড়াই ইউএফসির অংশ হয়ে উঠতে পারে।
রোবটের আক্রমণাত্মক আচরণের ঘটনা অবশ্য এবারই প্রথম নয়। এর আগে একটি ইলেকট্রনিক্স দোকানে এক ক্রেতার ধাক্কায় একটি হিউম্যানয়েড রোবট তেড়ে গিয়ে লাথি মারার চেষ্টা করেছিল। পরে দোকানের কর্মীরা সেটি বন্ধ করে দেন।
নিউজ বাংলা চ্যানেল