জন্মদিন উপলক্ষে আয়োজিত একটি টেলিভিশন অনুষ্ঠানের বিশেষ সাক্ষাৎকারে অংশ নেন ববিতা। অনুষ্ঠানে যুক্তরাষ্ট্র থেকে ভার্চুয়ালি যুক্ত ছিলেন শাকিব খান।
আলাপচারিতার একপর্যায়ে ববিতাকে আবার চলচ্চিত্রে অভিনয়ের অনুরোধ করেন শাকিব। বর্তমানে যুক্তরাষ্ট্রে থাকা এই অভিনেতা ফোনে অনুষ্ঠানে যুক্ত হয়ে প্রথমে ববিতাকে জন্মদিনের শুভেচ্ছা জানান। এরপর দীর্ঘদিন অভিনয়ের বাইরে থাকার বিষয়টি উল্লেখ করে তাঁকে ফের সিনেমায় কাজ করার অনুরোধ করেন।
শাকিব বলেন, ‘ম্যাডাম, আপনি প্লিজ সিনেমা করবেন। এটা আমার হাম্বল রিকোয়েস্ট আপনার প্রতি। আপনার সঙ্গে আমি আরো কাজ করতে চাই।’
শাকিবের অনুরোধের জবাবে ববিতা জানান, উপযুক্ত গল্প ও চরিত্র পেলে তিনি অভিনয়ে ফিরতে রাজি। তবে শুধুমাত্র অভিনয়ের জন্য কোনো সিনেমায় কাজ করতে চান না তিনি।
নিজের শর্তের কথা জানিয়ে ববিতা বলেন, ‘আমার কাছে সে রকম গল্প নিয়ে আসো, তোমার আর আমার যেন সে রকম কিছু করণীয় থাকে, চ্যালেঞ্জিং রোল থাকে, তাহলে আমি করব। কথা দিলাম তোমাকে, তোমার সঙ্গে ছবি করব।’
অর্থাৎ ভালো গল্পের পাশাপাশি নিজের জন্য চ্যালেঞ্জিং চরিত্র থাকলেই শাকিব খানের সঙ্গে আবারও পর্দায় কাজ করতে প্রস্তুত এই বরেণ্য অভিনেত্রী।
অনুষ্ঠানে শাকিবের পেশাদারিত্ব ও কাজের প্রতি তাঁর নিষ্ঠার প্রশংসাও করেন ববিতা। সাম্প্রতিক সময়ে শাকিবের কাজ নিয়েও ইতিবাচক মন্তব্য করেন তিনি।
ঢাকাই চলচ্চিত্রে ববিতা ও শাকিব খান একসঙ্গে একাধিক সিনেমায় অভিনয় করেছেন। তাঁদের অভিনীত ‘মা আমার স্বর্গ’, ‘খোদার পরে মা’ ও ‘মায়ের জিহাদ’ দর্শকদের মধ্যে বেশ জনপ্রিয়তা পেয়েছিল।
নতুন কোনো গল্প ও চরিত্র যদি ববিতার প্রত্যাশা পূরণ করতে পারে, তাহলে দীর্ঘ বিরতির পর শাকিব খানের সঙ্গে আবারও বড় পর্দায় দেখা যেতে পারে এই কিংবদন্তি অভিনেত্রীকে।