ঢাকা, নিজস্ব প্রতিবেদক: ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম বলেছেন, ইসলামের নীতি-আদর্শে নিজেদের গড়ে তুলতে পারলে ভবিষ্যতে রাষ্ট্রীয় পর্যায়ে ইসলামের পতাকা উড়বে। সেই দিন বেশি দূরে নয় বলেও মন্তব্য করেন তিনি।
ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের ৩৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজধানীর শাহবাগে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ঐতিহাসিক শহীদ ওসমান হাদি চত্বরে অনুষ্ঠিত এ সমাবেশে সংগঠনের নেতাকর্মীদের উদ্দেশে তিনি ভবিষ্যতের জন্য নিজেদের যোগ্য ও দক্ষ হিসেবে প্রস্তুত হওয়ার আহ্বান জানান।
মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম বলেন, তরুণদের নিজেদের এমনভাবে তৈরি করতে হবে, যাতে তারা দেশ ও সমাজের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। যোগ্যতা, দক্ষতা, নৈতিকতা ও আদর্শিক চেতনার সমন্বয়ে নিজেদের গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন তিনি।
তিনি আরও বলেন, শুধু রাজনৈতিক বা সাংগঠনিক কর্মকাণ্ডে যুক্ত থাকলেই হবে না; নিজেদের জ্ঞান, দক্ষতা ও নৈতিক চরিত্রের বিকাশ ঘটাতে হবে। সমাজ ও রাষ্ট্রের কল্যাণে ভূমিকা রাখার মতো যোগ্যতা অর্জনের জন্য ছাত্রদের এখন থেকেই প্রস্তুতি নেওয়া প্রয়োজন।
সমাবেশে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সভাপতি মুনতাছির আহমাদের সভাপতিত্বে এবং সেক্রেটারি জেনারেল সুলতান মাহমুদের সঞ্চালনায় সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতারা বক্তব্য দেন।
এ সময় উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রেসিডিয়াম সদস্য সৈয়দ মোসাদ্দেক বিন আল মাদানি, আশরাফ আলী আকন, অধ্যাপক মাহবুবুর রহমান, যুগ্ম মহাসচিব মাওলানা নেছার উদ্দিন, সহকারী মহাসচিব শেখ ফজলুল করিম মারুফ, ঢাকা উত্তর সভাপতি ও ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সভাপতি আতিকুর রহমান মুজাহিদ, কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক নূরুল করিম আকরাম, রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক শেখ মুহাম্মাদ আল-আমিন এবং ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের সাবেক কেন্দ্রীয় সভাপতি শরিফুল ইসলাম রিয়াদসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
নিউজ বাংলা চ্যানেল