ইরানের আধা-সরকারি সংবাদ সংস্থা ফার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে আলী মোহাম্মাদী মার্কিন প্রশাসনের দাবির যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তোলেন। তিনি বলেন, ‘যদি সত্যিই হরমুজ প্রণালি দিয়ে নিরাপদে তেল ও জাহাজ চলাচল করে থাকে, তাহলে আন্তর্জাতিক তেলের বাজারে তার ইতিবাচক প্রভাব পড়ছে না কেন? বিশ্ববাজার খুব ভালো করেই বোঝে যে মার্কিন দাবিগুলো বাস্তবে মিথ্যা।’
এদিকে আইআরজিসি নৌবাহিনী ধ্বংস হয়ে গেছে—যুক্তরাষ্ট্রের এমন বক্তব্যও নাকচ করেছেন আলী মোহাম্মাদী। এ দাবির প্রসঙ্গে তিনি প্রশ্ন করেন, ‘আইআরজিসি নৌবাহিনী যদি ধ্বংসই হয়ে গিয়ে থাকে, তবে মার্কিন সামরিক বাহিনী কেন হরমুজ প্রণালির দিকে না এসে ৬০০ থেকে ৭০০ কিলোমিটার (প্রায় ৩৭০ থেকে ৪৩৫ মাইল) নিরাপদে দূরে অবস্থান করছে?’
আলী মোহাম্মাদী আরও বলেন, পারস্য উপসাগর, কৌশলগত হরমুজ প্রণালি ও ওমান উপসাগরের আকাশসীমা এবং জলসীমায় নৌযান চলাচলের ওপর আইআরজিসি নৌবাহিনীর পূর্ণ সামরিক নজরদারি অব্যাহত রয়েছে। একই সঙ্গে এসব এলাকায় বাহিনীটির শক্তিশালী উপস্থিতিও বজায় রয়েছে।
নিউজ বাংলা চ্যানেল