ঢাকা | খ্রি.

দেশের সব জেলায় কুইক রেসপন্স টিম গঠনের নির্দেশ

  • নিউজ প্রকাশের তারিখ : Oct 1, 2026 ইং | Photo Card
দেশের সব জেলায় কুইক রেসপন্স টিম গঠনের নির্দেশ ছবির ক্যাপশন: ছবি সংগৃহীত
ad728
নিউজ বাংলা ডেস্ক : আকস্মিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি ও জরুরি অবস্থা দ্রুত মোকাবিলায় দেশের প্রতিটি জেলায় কুইক রেসপন্স টিম (কিউআরটি) গঠনের নির্দেশ দিয়েছে পুলিশ সদর দপ্তর।

বুধবার (৩০ সেপ্টেম্বর) পুলিশ সদর দপ্তরের অপারেশন শাখা থেকে এ বিষয়ে নির্দেশনা দেওয়া হয়। অতিরিক্ত ডিআইজি (অপারেশন) শাহজাদা মো. আসাদুজ্জামান স্বাক্ষরিত চিঠিটি সব জেলার পুলিশ সুপারসহ সংশ্লিষ্ট ইউনিটে পাঠানো হয়েছে।

নির্দেশনা অনুযায়ী, জেলা পুলিশের তত্ত্বাবধানে বিভিন্ন বিশেষায়িত ইউনিটের সদস্যদের সমন্বয়ে কিউআরটি গঠন করতে হবে। কোনো এলাকায় হঠাৎ আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হলে দ্রুত সেখানে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণ ও স্বাভাবিক রাখতে এসব টিম কাজ করবে।

কিউআরটিতে জেলা পুলিশের সদস্যদের পাশাপাশি পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই), অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি), নৌ পুলিশ, রেলওয়ে পুলিশ, টুরিস্ট পুলিশ, আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন), শিল্প পুলিশ এবং হাইওয়ে পুলিশের সদস্যদের অন্তর্ভুক্ত করার কথা বলা হয়েছে।

পুলিশ সদর দপ্তরের চিঠিতে আরও বলা হয়েছে, কিউআরটির সদস্যদের নিয়ে নিয়মিত মাদক ও অপরাধপ্রবণ এলাকায় সমন্বিত অভিযান এবং মহড়া আয়োজন করতে হবে। এর মাধ্যমে জরুরি পরিস্থিতিতে বিভিন্ন ইউনিটের সদস্যদের একযোগে দ্রুত অভিযান পরিচালনার সক্ষমতা বাড়ানোর লক্ষ্য নেওয়া হয়েছে।

এ ছাড়া অভিযান ও মহড়ায় অংশ নেওয়া কর্মকর্তা ও ফোর্সের পরিসংখ্যান, পাশাপাশি উদ্ধার ও আটকের তথ্য জরুরি ভিত্তিতে পুলিশ সদর দপ্তরের সংশ্লিষ্ট শাখায় পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।

চিঠির কার্যার্থে দেশের সব জেলার পুলিশ সুপারকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে। একই সঙ্গে এপিবিএন, শিল্প পুলিশ, পিবিআই, হাইওয়ে পুলিশ, টুরিস্ট পুলিশ, রেলওয়ে পুলিশ ও নৌ পুলিশসহ বিভিন্ন ইউনিট এবং সংশ্লিষ্ট রেঞ্জের কর্মকর্তাদেরও বিষয়টি অবহিত করা হয়েছে।

পুলিশ সদর দপ্তরের এই উদ্যোগের মাধ্যমে জেলা পর্যায়ে বিভিন্ন ইউনিটে ছড়িয়ে থাকা সদস্যদের সমন্বিত করে জরুরি পরিস্থিতিতে দ্রুত মাঠপর্যায়ে মোতায়েনের একটি কাঠামো গড়ে তোলার পরিকল্পনা নেওয়া হয়েছে।


নিউজটি পোস্ট করেছেন : নিউজ বাংলা চ্যানেল

কমেন্ট বক্স
ছাত্র আন্দোলনের মুখে পদত্যাগ সার্বিয়ার প্রেসিডেন্ট ভুচিচের

ছাত্র আন্দোলনের মুখে পদত্যাগ সার্বিয়ার প্রেসিডেন্ট ভুচিচের