মিরসরাই প্রতিনিধি
চট্টগ্রামের মিরসরাইয়ে মাছবাহী পিকআপভ্যানের ধাক্কায় দেবরাজ বণিক (২১) নামে এক কলেজছাত্র নিহত হয়েছেন। এ ঘটনায় তার বাবা আশিষ বণিক আহত হয়েছেন।
বুধবার (২ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে উপজেলার জোরারগঞ্জ ইউনিয়নের চৌধুরীহাট পুলিশ ফাঁড়ির সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত দেবরাজ বণিক জোরারগঞ্জ ইউনিয়নের ৩ নম্বর দেওয়ানপুর বণিকপাড়া গ্রামের আশিষ বণিকের ছেলে। তিনি ফেনী সরকারি কলেজের অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন।
নিহতের স্বজনরা জানান, রাতে দোকান বন্ধ করে বাবা আশিষ বণিককে সঙ্গে নিয়ে মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন দেবরাজ। তারা চৌধুরীহাট এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা দ্রুতগতির মাছবাহী একটি পিকআপভ্যান তাদের মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে বাবা-ছেলে দুজনই গুরুতর আহত হন।
পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে দেবরাজকে মৃত ঘোষণা করেন। তার বাবা আশিষ বণিককে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক তন্ময় জামশেদ বলেন, রাতে সড়ক দুর্ঘটনায় আহত দুইজনকে হাসপাতালে আনা হয়। পরীক্ষা-নিরীক্ষা শেষে দেবরাজ নামে একজনকে মৃত ঘোষণা করা হয়েছে। তার বাবাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হালিম জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল ও হাসপাতালে যায়। এ ঘটনায় অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
নিউজ বাংলা চ্যানেল