ঢাকা | খ্রি.

চুয়েটে নিজ কার্যালয়ে ২১ ঘণ্টা ধরে অবরুদ্ধ উপাচার্য, অসুস্থ দুজন

  • নিউজ প্রকাশের তারিখ : Oct 13, 2026 ইং | Photo Card
চুয়েটে নিজ কার্যালয়ে ২১ ঘণ্টা ধরে অবরুদ্ধ উপাচার্য, অসুস্থ দুজন ছবির ক্যাপশন: ছবি সংগৃহীত
ad728
নিউজ বাংলা ডেস্ক : চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক শেখ শরীফুল আলম প্রায় ২১ ঘণ্টা ধরে নিজের কার্যালয়ে অবরুদ্ধ রয়েছেন। মঙ্গলবার (১৩ অক্টোবর) সকাল ১০টা পর্যন্ত প্রশাসনিক ভবনের ভেতরে উপাচার্যসহ ১০ থেকে ১১ জন আটকা ছিলেন। তাঁদের মধ্যে দুজন অসুস্থ হয়ে পড়েছেন বলে জানা গেছে।

সোমবার (১২ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে আন্দোলনরত শিক্ষার্থীরা প্রশাসনিক ভবনের প্রধান ফটকে তালা লাগিয়ে দেন। শিক্ষার্থীদের ভাষ্য অনুযায়ী, ওই দিন সকাল ৯টার দিকে ভবনের ফটকের তালা ভেঙে চুয়েট শাখা ছাত্রদলের নেতাকর্মীদের সঙ্গে নিয়ে কার্যালয়ে প্রবেশ করেন উপাচার্য শেখ শরীফুল আলম।

উপাচার্যের কার্যালয়ে প্রবেশের খবর পেয়ে আন্দোলনকারীরা তাঁকে দুপুর ১২টার মধ্যে ভবন ছেড়ে যাওয়ার সময়সীমা বেঁধে দেন। নির্ধারিত সময়ের মধ্যে তিনি বের না হওয়ায় দুপুর সাড়ে ১২টার দিকে প্রশাসনিক ভবনের মূল ফটকে তালা ঝুলিয়ে দেন শিক্ষার্থীরা।

এ ঘটনায় উপাচার্যের সঙ্গে চুয়েট শাখা ছাত্রদলের সভাপতি ওয়াসিফ রাশেদ, তাঁর সহযোগী এবং কয়েকজন বর্তমান ও সাবেক শিক্ষার্থীও ভবনের ভেতরে আটকা পড়েন। সর্বশেষ তথ্য অনুযায়ী, সেখানে ১০ থেকে ১১ জন অবস্থান করছেন।

সোমবার সন্ধ্যায় সংবাদ সম্মেলন করে নবনিযুক্ত উপাচার্যের পদত্যাগ দাবি করেন আন্দোলনরত শিক্ষার্থীরা। এরপর তাঁরা রাতভর প্রশাসনিক ভবনের সামনে অবস্থান কর্মসূচি চালিয়ে যান। মঙ্গলবার সকাল ১০টার দিকেও তাঁদের কর্মসূচি অব্যাহত ছিল।

এদিকে, সোমবার দিবাগত রাত দেড়টার দিকে প্রশাসনিক ভবনের ভেতরে একজন অসুস্থ হয়ে পড়ার খবর পাওয়া যায়। পরে চুয়েটের চিকিৎসাকেন্দ্রের চিকিৎসক মো. আবদুল্লাহ সেখানে যান। তাঁর সঙ্গে সাংবাদিকেরাও ভবনের ভেতরে প্রবেশ করেন।

চিকিৎসক আবদুল্লাহ প্রকৌশলী শাহরিয়ারের রক্তচাপ পরীক্ষা করে সিস্টোলিক চাপ ১৭০ এবং ডায়াস্টোলিক চাপ ১০০ মিলিমিটার পান। পরে তাঁকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পরামর্শ দেওয়া হয়। চিকিৎসক আরও জানান, ভবনের ভেতরে আরেকজনও অসুস্থ হয়ে পড়েছেন। তবে তাঁকে হাসপাতালে পাঠানো হয়নি।

নিজের শারীরিক অবস্থার বিষয়ে উপাচার্য অধ্যাপক শেখ শরীফুল আলম জানিয়েছেন, তিনি সুস্থ আছেন। তবে ভবনের ভেতরে থাকা দুজন সাবেক শিক্ষার্থী উচ্চ রক্তচাপজনিত সমস্যায় ভুগছেন। তাঁদের চিকিৎসার জন্য তিনি অ্যাম্বুলেন্স ও চিকিৎসক ডেকেছেন। দীর্ঘ সময় ধরে অবরুদ্ধ থাকায় অন্যদের মধ্যেও অসুস্থতা ও ক্লান্তি দেখা দিয়েছে বলে জানান তিনি।


নিউজটি পোস্ট করেছেন : নিউজ বাংলা চ্যানেল

কমেন্ট বক্স