ঢাকা | বঙ্গাব্দ

ইউরোপের ৪ দেশের রাষ্ট্রদূতকে তলব করলো ইরান

  • নিউজ প্রকাশের তারিখ : Jan 13, 2026 ইং | Photo Card
ইউরোপের ৪ দেশের রাষ্ট্রদূতকে তলব করলো ইরান ছবির ক্যাপশন: ছবি: এলোয়া এডভারটাইজার
ad728

ইরানে চলমান নজিরবিহীন সরকারবিরোধী বিক্ষোভে সংহতি জানিয়ে বিবৃতি দেওয়ায় যুক্তরাজ্য, জার্মানি, ইতালি ও ফ্রান্সের রাষ্ট্রদূতদের জরুরি তলব করেছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়।

মঙ্গলবার (১৩ জানুয়ারি) তেহরানে নিযুক্ত এই চার দেশের কূটনীতিকদের ডেকে এনে ইরান সরকার তাদের কড়া প্রতিবাদ জানায়। ইরানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবি জানিয়েছে, তলব করা রাষ্ট্রদূতদের সামনে বিক্ষোভের কিছু নির্দিষ্ট ভিডিও চিত্র উপস্থাপন করেছেন ইরানি কর্মকর্তারা। 

ওই ফুটেজগুলো দেখিয়ে তেহরান দাবি করেছে যে, চলমান আন্দোলন শান্তিপূর্ণ সীমানা ছাড়িয়ে সুসংগঠিত ধ্বংসাত্মক কর্মকাণ্ডে রূপ নিয়েছে। ইরানি কর্তৃপক্ষ এসব দেশের পররাষ্ট্রমন্ত্রীদের কাছে এই বার্তা পৌঁছে দেওয়ার পাশাপাশি বিক্ষোভকারীদের প্রতি সমর্থনসূচক সরকারি বিবৃতিগুলো অবিলম্বে প্রত্যাহারের দাবি জানিয়েছে।

ইরান সরকার এই বিক্ষোভকে শুরু থেকেই বিদেশি উসকানি ও ষড়যন্ত্র বলে দাবি করে আসছে। তেহরানের অভিযোগ, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল এই আন্দোলনকে আরও সহিংস করতে দাঙ্গাকারীদের সরাসরি বিভিন্নভাবে সহযোগিতা করছে। 

বিশেষ করে বিক্ষোভ দমনে বৃহস্পতিবার (৮ জানুয়ারি) থেকে দেশজুড়ে ইন্টারনেট সেবা বন্ধ রাখায় পশ্চিমা বিশ্ব যে সমালোচনা করেছে, তাকে অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ হিসেবে দেখছে ইরান। যদিও পশ্চিমা দেশগুলো মতপ্রকাশের স্বাধীনতার ওপর জোর দিয়ে বিক্ষোভকারীদের অধিকার রক্ষার আহ্বান জানিয়ে আসছে, কিন্তু ইরান সরকার একে তাদের সার্বভৌমত্বের ওপর আঘাত হিসেবে চিহ্নিত করেছে। ২০২২ সালের পর বর্তমান এই আন্দোলনকে দেশটির ধর্মতান্ত্রিক সরকারের বিরুদ্ধে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হিসেবে দেখা হচ্ছে।

গত ২৮ ডিসেম্বর দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও মুদ্রাস্ফীতির প্রতিবাদে তেহরানের গ্র্যান্ড বাজার থেকে শুরু হওয়া এই বিক্ষোভ এখন রাজনৈতিক রূপ নিয়ে দেশজুড়ে ছড়িয়ে পড়েছে। বর্তমানে অর্থনৈতিক সংকটের ভয়াবহতা এতটাই যে, ডলারের বিপরীতে রিয়ালের রেকর্ড অবমূল্যায়ন ঘটে বিনিময় হার ১ ডলারে ১ লাখ ৪৫ হাজার রিয়ালে পৌঁছেছে। 

বাজারের ক্ষুদ্র ব্যবসায়ী ও সাধারণ মানুষের এই অসন্তোষকে কাজে লাগিয়ে বিদেশি শক্তিগুলো ফায়দা লুটছে বলে দাবি ইরানের। তবে মানবাধিকার সংগঠনগুলো বলছে, অর্থনৈতিক দুর্দশার হাত থেকে বাঁচতেই সাধারণ মানুষ রাজপথে নামতে বাধ্য হয়েছে।

সূত্র: আনাদোলু এজেন্সি


নিউজটি পোস্ট করেছেন : নিউজ বাংলা চ্যানেল

কমেন্ট বক্স