নিউজ বাংলা ডেস্ক: নারী এশিয়া কাপে হংকংয়ের বিপক্ষে বল হাতে দুর্দান্ত কীর্তি গড়েছেন পাকিস্তানের স্পিনার নাশরা সান্ধু। তার বিধ্বংসী বোলিংয়ে মাত্র ৭১ রানেই গুটিয়ে যায় হংকং। চার ওভারে মাত্র ৭ রান খরচ করে ৬ উইকেট নিয়ে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে নতুন ইতিহাস লিখেছেন নাশরা।
দুবাইয়ে সোমবার অনুষ্ঠিত ম্যাচে টস জিতে প্রথমে ব্যাট করে পাকিস্তান। নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৪৩ রান সংগ্রহ করে তারা। পাকিস্তানের হয়ে সর্বোচ্চ ৪৭ রান করেন শাওয়াল জুলফিকার। ৩৫ বলের ইনিংসে ছয়টি চার মারেন তিনি। এছাড়া আয়েশা জাফর ২৬ এবং অধিনায়ক ফাতিমা সানা করেন ২৪ রান।
১৪৪ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই পাকিস্তানের বোলিংয়ের চাপে পড়ে হংকং। একের পর এক উইকেট হারিয়ে শেষ পর্যন্ত ১৯ ওভারে মাত্র ৭১ রানে অলআউট হয় দলটি। হংকংয়ের হয়ে সর্বোচ্চ ৩০ রান করেন কারি চ্যান। ৪৭ বল খেলে চারটি চার মারেন তিনি।
হংকংয়ের ব্যাটিং ধসের মূল কারিগর ছিলেন নাশরা সান্ধু। মাত্র চার ওভার বোলিং করে ৭ রান দিয়ে ৬ উইকেট তুলে নেন এই স্পিনার। এর মাধ্যমে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এক ম্যাচে ৬ উইকেট নেওয়া পাকিস্তানের প্রথম বোলার হওয়ার গৌরব অর্জন করেন তিনি। পুরুষ ও নারী—দুই ক্রিকেট মিলিয়েই পাকিস্তানের কোনো বোলার এর আগে এই কীর্তি গড়তে পারেননি।
এর আগে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে পাকিস্তানের হয়ে এক ম্যাচে সর্বোচ্চ ৫ উইকেট নেওয়ার রেকর্ড ছিল সুফিয়ান মুকিমের। জিম্বাবুয়ের বিপক্ষে বুলাওয়েতে ২.৪ ওভারে মাত্র ৩ রান দিয়ে ৫ উইকেট নিয়েছিলেন তিনি।
নারী ক্রিকেটে পাকিস্তানের হয়ে সেরা বোলিংয়ের রেকর্ড ছিল ওমাইমা সোহেলের দখলে। সিলেটে শ্রীলঙ্কার বিপক্ষে ১৩ রান দিয়ে ৫ উইকেট নিয়েছিলেন তিনি। এবার তাকে ছাড়িয়ে নতুন রেকর্ড গড়লেন নাশরা।
শেষ পর্যন্ত ৭২ রানের বড় জয় নিয়ে মাঠ ছাড়ে পাকিস্তান। এই জয়ের ফলে নারী এশিয়া কাপের সেমিফাইনাল নিশ্চিত করেছে তারা। আগামী ১১ সেপ্টেম্বর দ্বিতীয় সেমিফাইনালে শ্রীলঙ্কার মুখোমুখি হবে পাকিস্তান।
নিউজ বাংলা চ্যানেল