ঢাকা | খ্রি.

জুলাইযোদ্ধাদের জীবিকার জন্য সিএনজি ও রিকশা উপহার প্রধানমন্ত্রীর

  • নিউজ প্রকাশের তারিখ : Aug 8, 2026 ইং | Photo Card
জুলাইযোদ্ধাদের জীবিকার জন্য সিএনজি ও রিকশা উপহার প্রধানমন্ত্রীর ছবির ক্যাপশন: ছবি সংগৃহীত
ad728
নিউজ বাংলা ডেস্ক : জুলাই গণ-অভ্যুত্থানে অংশ নেওয়া যোদ্ধাদের আত্মকর্মসংস্থান ও জীবিকা নির্বাহে সহায়তার জন্য সিএনজিচালিত অটোরিকশা, পেডেলচালিত রিকশা ও ব্যাটারিচালিত অটোরিকশা উপহার দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

শনিবার (৮ আগস্ট) প্রধানমন্ত্রীর তেজগাঁও কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে সংশ্লিষ্টদের হাতে এসব উপহার তুলে দেন তিনি। এ সময় তাদের শারীরিক অবস্থা, পারিবারিক পরিস্থিতি ও জীবিকা সম্পর্কে খোঁজখবর নেন প্রধানমন্ত্রী।

নড়াইলের লোহাগড়া উপজেলার বাসিন্দা এবং মিরপুর বাঙলা কলেজের সমাজকর্ম বিভাগের অনার্স দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী মোহাম্মদ আজিজ শেখকে একটি সিএনজিচালিত অটোরিকশা দেওয়া হয়। সিএনজি চালিয়ে তিনি নিজের পড়াশোনার খরচের পাশাপাশি পরিবারের ভরণপোষণ করেন।

জুলাই গণ-অভ্যুত্থানের সময় মিরপুর-১০ এলাকায় আন্দোলনে অংশ নিয়ে গুলিবিদ্ধ হন আজিজ শেখ। তার শরীরে ৩৬টি গুলির স্প্লিন্টার বিদ্ধ হয়। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তাকে পড়াশোনা চালিয়ে যাওয়ার জন্য উৎসাহ দেন।

কুষ্টিয়ার আলমডাঙ্গা উপজেলার বাসিন্দা মো. গফফার পেয়েছেন দুটি পেডেলচালিত রিকশা। জুলাই গণ-অভ্যুত্থানের সময় রাজধানীর মহাখালী এলাকায় আন্দোলনকারীদের নিয়মিত পানি সরবরাহের পাশাপাশি নিজের রিকশায় আহতদের হাসপাতালে পৌঁছে দিয়েছিলেন তিনি।

গফফার জানান, উপহার হিসেবে পাওয়া একটি রিকশা ঢাকায় চালিয়ে জীবিকা নির্বাহ করবেন এবং অন্যটি ভাড়া দেবেন।

এ ছাড়া বগুড়ার গাবতলী উপজেলার ৬৫ বছর বয়সী আসাদুল হক বিশুকে দুটি ব্যাটারিচালিত অটোরিকশা উপহার দেন প্রধানমন্ত্রী।

অনুষ্ঠানে জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ ও গুরুতর আহত ১০ ব্যক্তির পরিবারের সদস্যদের হাতেও চাকরির নিয়োগপত্র তুলে দেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

তিনি বলেন, জুলাই আন্দোলনে শহীদ ও আহতদের আত্মত্যাগের যথাযথ মূল্যায়নের প্রচেষ্টা অব্যাহত থাকবে। সবার সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে একটি সুন্দর, উন্নত ও প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তোলা সম্ভব হবে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএনপির সংসদ সদস্য অ্যাডভোকেট শামছুর রহমান শিমুল বিশ্বাস, প্রধানমন্ত্রীর প্রেসসচিব আবু আব্দুল্লাহ এম সালেহ শিবলী এবং অতিরিক্ত প্রেসসচিব আতিকুর রহমান রুমন।


নিউজটি পোস্ট করেছেন : নিউজ বাংলা চ্যানেল

কমেন্ট বক্স