নিউজ বাংলা ডেস্ক: প্রধানমন্ত্রী তারেক রহমান জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন। বাংলাদেশের ফ্যাসিবাদবিরোধী জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণ এবং তা ভবিষ্যৎ প্রজন্মের কাছে তুলে ধরার উদ্দেশ্যে প্রতিষ্ঠিত এই জাদুঘরের উদ্বোধন অনুষ্ঠিত হয় বুধবার (৫ আগস্ট) সকাল ৯টায়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রধানমন্ত্রী জাদুঘরের ফলক উন্মোচনের মাধ্যমে এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন। উদ্বোধনের পর তিনি জাদুঘরের বিভিন্ন গ্যালারি ও প্রদর্শনী পরিদর্শন করেন এবং সংরক্ষিত নিদর্শন, আলোকচিত্র, দলিলপত্র ও স্মারকসমূহ ঘুরে দেখেন।
এর আগে মঙ্গলবার সচিবালয়ে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী জাদুঘর উদ্বোধনের বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, উদ্বোধনের দিন জাদুঘরটি বিশেষ অতিথি ও শহীদ পরিবারের সদস্যদের জন্য সংরক্ষিত থাকবে।
মন্ত্রী আরও বলেন, আগামী ৬ আগস্ট (বৃহস্পতিবার) থেকে জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর সাধারণ দর্শনার্থীদের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে।
নিউজ বাংলা চ্যানেল