নিউজ বাংলা ডেস্ক: জুলাই গণ-অভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে নির্মিত ‘জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘর’ আগামীকাল (বুধবার, ৫ আগস্ট) আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হবে।
মঙ্গলবার (৪ আগস্ট) সচিবালয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে এ তথ্য জানান সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী। তিনি বলেন, বুধবার সকালে প্রধানমন্ত্রী তারেক রহমান জাদুঘরটির আনুষ্ঠানিক উদ্বোধন করবেন।
মন্ত্রী জানান, উদ্বোধনী অনুষ্ঠানে জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা স্মৃতিচারণ করবেন। পাশাপাশি জুলাই গণ-অভ্যুত্থানের ঘটনাপ্রবাহ, গণমানুষের অংশগ্রহণ এবং বিজয়ের ইতিহাস নিয়ে নির্মিত একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হবে। অনুষ্ঠানে থাকবে সাংস্কৃতিক পরিবেশনাও।
তিনি আরও জানান, প্রধানমন্ত্রীর উদ্বোধনের পর সাংবাদিকদের জন্য জাদুঘর পরিদর্শনের সুযোগ রাখা হবে। তবে উদ্বোধনের প্রথম দিনটি শুধু জুলাই গণ-অভ্যুত্থানে নিহত ব্যক্তিদের পরিবারের সদস্যদের জন্য সংরক্ষিত থাকবে।
সর্বসাধারণের জন্য ‘জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘর’ আগামী বৃহস্পতিবার (৬ আগস্ট) থেকে উন্মুক্ত থাকবে।
দর্শনার্থীদের সুবিধা ও শৃঙ্খলা বজায় রাখতে নির্দিষ্ট সময়ভিত্তিক (স্লট) প্রবেশের ব্যবস্থা রাখা হয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মতে, একসঙ্গে বিপুলসংখ্যক দর্শনার্থী এলে ব্যবস্থাপনায় জটিলতা তৈরি হতে পারে। তাই স্লটভিত্তিক প্রবেশ ব্যবস্থা চালু করা হয়েছে।
নিউজ বাংলা চ্যানেল