নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন সাবেক লাক্স সুন্দরী তানজিয়া আঞ্জুম সোহানিয়া। বুধবার তিনি আনুষ্ঠানিকভাবে নতুন দায়িত্বে যোগ দেন।
এর আগে তিনি বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সমন্বয় ও সংসদ বিভাগে উপপরিচালক (সিনিয়র সহকারী সচিব) হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
২০১০ সালে চ্যানেল আই লাক্স সুপারস্টার প্রতিযোগিতায় অংশ নিয়ে সোহানিয়া সেরা দশে জায়গা করে নেন। একই সঙ্গে “ক্লোজআপ মিস বিউটিফুল স্মাইল” ক্যাটাগরিতে পুরস্কার অর্জন করেন। শোবিজে কিছু কাজ করলেও উচ্চশিক্ষা ও ক্যারিয়ার গঠনে মনোযোগী হওয়ায় নিয়মিত ছিলেন না।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগ থেকে স্নাতকোত্তর সম্পন্ন করা সোহানিয়া ৩৭তম বিসিএসের মাধ্যমে প্রশাসন ক্যাডারে গাজেটপ্রাপ্ত হন। ২০১৯ সালের ২০ মার্চ প্রকাশিত প্রজ্ঞাপনে তার নিয়োগ চূড়ান্ত হয়।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে দ্বিতীয় ধাপে সারাদেশের ৭৭ উপজেলায় নতুন ইউএনও নিয়োগ দেয় সরকার। নীলফামারীর ছয় উপজেলার মধ্যে তিনটিতে পরিবর্তন আনা হয়েছে। এর অংশ হিসেবে কিশোরগঞ্জ উপজেলার ইউএনও পদে নিয়োগ পেয়েছেন তানজিয়া আঞ্জুম সোহানিয়া।
ব্যক্তিগত জীবনেও সোহানিয়া কৃতিত্বের পরিচয় রেখে এসেছেন। তার বাবা ডা. আজিজুল হক খান একজন সরকারি কর্মকর্তা এবং মা সালমা সুলতানা গৃহিণী। ছোটবেলা থেকেই পড়াশোনা, গান, অভিনয়, নাচ ও কাব স্কাউটে বিভিন্ন জাতীয় পুরস্কার অর্জন করেন তিনি। টাঙ্গাইলের বিন্দুবাসিনী সরকারি বালিকা বিদ্যালয় থেকে এসএসসি এবং কুমুদিনী সরকারি কলেজ থেকে এইচএসসিতে জিপিএ-৫ পেয়ে উত্তীর্ণ হন। পরে তিনি ভর্তি হন ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগে।
খবর- যায়যায়দিন
নিউজ বাংলা চ্যানেল