নিউজ বাংলা ডেস্ক : রাজধানীর উত্তরখানে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) পরিচ্ছন্নকর্মীদের সঙ্গে স্থানীয়দের সংঘর্ষের ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে যাওয়ার পর ডিএনসিসির প্রশাসক মো. শফিকুল ইসলাম খান ও স্থানীয় সংসদ সদস্য জাহাঙ্গীর হোসেনের ওপর হামলার অভিযোগ উঠেছে। ডিএনসিসির দাবি, নেপচুন এক্সেসরিজ নামে একটি গার্মেন্টস প্রতিষ্ঠানের ‘ভাড়াটে সন্ত্রাসীরা’ এই হামলা চালিয়েছে।
রোববার (২ আগস্ট) ডিএনসিসির জনসংযোগ কর্মকর্তা মো. জাকির হোসেন গণমাধ্যমে পাঠানো এক জরুরি বার্তায় এ তথ্য জানান। উত্তর সিটির অঞ্চল-৮-এর আওতাধীন ৪৬ নম্বর ওয়ার্ডের উত্তরখান রাজাবাড়ি সেকেন্ডারি ট্রান্সফার স্টেশন (এসটিএস) এলাকায় দুপুরের দিকে এ ঘটনা ঘটে।
ডিএনসিসির তথ্যমতে, হামলায় ১৫ থেকে ২০ জন পরিচ্ছন্নকর্মী আহত হয়েছেন। তাদের মধ্যে চারজন গুরুতর আহত হওয়ায় উত্তরা কুয়েত-বাংলাদেশ মৈত্রী সরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জরুরি বার্তায় আরও বলা হয়, পরিচ্ছন্নকর্মীদের ওপর হামলার খবর পেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে যান ডিএনসিসি প্রশাসক মো. শফিকুল ইসলাম খান, স্থানীয় এমপি জাহাঙ্গীর হোসেন এবং পুলিশের উত্তরা বিভাগের উপকমিশনার। এ সময় হামলাকারীরা প্রশাসক ও এমপির ওপরও চড়াও হয়ে হামলা চালায় বলে অভিযোগ করা হয়েছে।
ঢাকা মহানগর পুলিশের উত্তরা বিভাগের উপকমিশনার মির্জা তারেক আহমেদ বেগ বলেন, ‘দুই-একটি ইট-পাটকেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। এতে কয়েকজন পরিচ্ছন্নকর্মী আহত হয়েছেন। তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।’
তিনি আরও জানান, ঘটনাস্থল থেকে কয়েকজনকে আটক করা হয়েছে। সিটি করপোরেশনের পক্ষ থেকে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। মামলা হলে আটক ব্যক্তিদের গ্রেপ্তার দেখানো হবে।
পুলিশ জানিয়েছে, বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।
এদিকে, আহত পরিচ্ছন্নকর্মীদের দেখতে কুয়েত-বাংলাদেশ মৈত্রী সরকারি হাসপাতালে যান ডিএনসিসি প্রশাসক মো. শফিকুল ইসলাম খান ও স্থানীয় এমপি জাহাঙ্গীর হোসেন। সেখানে তারা আহতদের চিকিৎসার খোঁজখবর নেন। এ সময় প্রশাসক বলেন, ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
নিউজ বাংলা চ্যানেল