গত ২০ সেপ্টেম্বর রাজধানীর দারুস সালাম এলাকা থেকে টিটুকে গ্রেপ্তার করা হয়। এ সময় প্রতারণায় ব্যবহৃত বিকাশ ও নগদ অ্যাকাউন্টের সিমসহ তিনটি মোবাইল ফোন তার কাছ থেকে উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পিবিআই।
গতকাল রাজধানীর উত্তরায় পিবিআই ঢাকা জেলা কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান পিবিআই ঢাকা জেলার এসপি এম এন মোর্শেদ।
তিনি জানান, কেরানীগঞ্জের শাহনাজ বেগমের ইতালিপ্রবাসী ছেলে শাহাদাত খানের সঙ্গে ‘লেডি সোলজার/নারী যোদ্ধা’ নামে একটি ফেসবুক পেজের মাধ্যমে টিটুর পরিচয় হয়। ওই পেজে বাংলাদেশ সেনাবাহিনীর নারী সদস্যের পোশাক পরা ছবি ও ভিডিও ব্যবহার করা হতো।
পিবিআইয়ের তথ্য অনুযায়ী, পরবর্তী সময়ে নারী সেনা সদস্যের পরিচয় ব্যবহার করে এবং নারীকণ্ঠে ফোনে কথা বলে শাহাদাতের সঙ্গে প্রেমের সম্পর্ক তৈরি করেন টিটু। এই সম্পর্কের সূত্র ধরে শাহাদাত ও তার পরিবারের কাছ থেকে প্রায় সাত লাখ টাকা নেওয়া হয়।
একপর্যায়ে প্রতারণার বিষয়টি বুঝতে পেরে কেরানীগঞ্জ মডেল থানায় মামলা করেন ভুক্তভোগী শাহাদাত। এরপর তদন্তের ধারাবাহিকতায় টিটুকে গ্রেপ্তার করে পিবিআই।
নিউজ বাংলা চ্যানেল