
গান আর অভিনয়- দুই অঙ্গনেই বেশ জনপ্রিয় জেফার রহমান। প্লেব্যাক কিংবা মৌলিক গান অথবা অভিনয়- সব মাধ্যমেই রেখেছেন আলাদা ছাপ, পেয়েছেন দর্শক প্রশংসাও। তবে এবার এক ভিডিও বার্তায় মন খারাপ অর্থাৎ হতাশার কথা শোনালেন সময়ের আলোচিত এই সংগীতশিল্পী। গতকাল মঙ্গলবার ফেসবুকে এক ভিডিওবার্তায় নিজের কাজের স্বীকৃতি না পাওয়া নিয়ে কথা বলেন জেফার।
তিনি বলেন, ‘অনেকেরই ধারণা আমি শুধু গান করি, কণ্ঠশিল্পী, যেটা ঠিক আছে। কারণ, আমরা পেছনে কতটা কাজ করি, সেটা দেখাই না। আপনারা জানবেন না, সেটাও স্বাভাবিক।’
এরপর তিনি বলেন, ‘সত্যিকারের অর্থে আমি শুধু গান করি না; গান সুর করা, বানানো, কথা, প্রস্তুতি, মিউজিক ভিডিওসহ পরিকল্পনা- আমার অনেক কিছু করতে হয়। আমি গান লিখি, সুর করি এবং আমার গানের ৯০ শতাংশই আমার সুর করা। গানের লিরিক্সের সঙ্গেও আমি জড়িত ছিলাম।’
ভিডিওবার্তায় গায়িকা বলেন, ‘এত কিছু করে গান প্রকাশের পর প্রশংসা, গালি- সবই খাওয়ার পর যখন মানুষ গানের পেছনে, আমার পেছনে আমার অবদান বোঝে না; তখন ভালো লাগে না। মাঝে মাঝে সেটা প্রভাব ফেলে; বিশেষ করে এখন। সেটা নিয়ে এখন কথা বলছি।’সবশেষে সবাইকে শিল্পীদের, বিশেষ করে নারী শিল্পীদের পাশে থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘প্লিজ, আপনারা শিল্পীদের, বিশেষ করে নারী শিল্পীদের একটু সাপোর্ট করেন। আমাদের সামাজিক নানা বাধা ডিঙিয়ে কাজ করতে হয়, তারপর যখন অনেক ধরনের বিষয় আসে, তখন হতাশ হয়ে যাই। বাংলাদেশের মতো দেশে এ রকম একটা কাজ (গান) বেছে নিয়েছি… আপনাদের সাহায্য আমাদের উৎসাহিত করবে।’
আমাদের সময়/ এসএ