প্রিন্ট এর তারিখঃ Sep 14, 2026 ইং || প্রকাশের তারিখঃ Nov 19, 2025 ইং
বিশ্বকাপে উঠে গেল মাত্র দেড় লাখ জনসংখ্যার দেশ কুরাসাও
ফুটবল বিশ্বকাপের ইতিহাসে নতুন এক রূপকথা লিখল ক্যারিবিয়ান দ্বীপরাষ্ট্র কুরাসাও। মাত্র দেড় লাখ জনসংখ্যা এবং ৪৪৪ বর্গকিলোমিটার আয়তনের এই দেশটি প্রথমবারের মতো বিশ্বকাপের টিকিট করলো। যা কিনা বিশ্বমঞ্চে জায়গা করে নেওয়া সবচেয়ে ক্ষুদ্রতম দেশের স্বীকৃতি অর্জন করেছে। এছাড়াও কনক্যাকাফ অঞ্চল থেকে ৫২ বছরের দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে বিশ্বকাপে ফিরেছে হাইতি। এছাড়াও টিকিট নিশ্চিত করেছে পানামা।
বাছাইপর্বের শেষ দিনে ‘এইচ’ গ্রুপের ম্যাচে জ্যামাইকার বিপক্ষে গোলশূন্য ড্র করেই ইতিহাস গড়ে ‘ব্লু ওয়েভ’ খ্যাত কুরাসাও। এই ড্রয়ের ফলে ১২ পয়েন্ট নিয়ে গ্রুপসেরা হয়েই ২০২৬ আসরের টিকিট কাটে তারা। এর মাধ্যমে তারা ভেঙে দিয়েছে আইসল্যান্ডের রেকর্ড। এর আগে ২০১৮ সালে প্রায় সাড়ে তিন লাখ জনসংখ্যার দেশ হিসেবে আইসল্যান্ড ছিল বিশ্বকাপে খেলা সবচেয়ে ছোট দেশ। জনসংখ্যার বিচারে কুরাসাও আইসল্যান্ডের চেয়ে অর্ধেকেরও কম।অন্যদিকে, ‘আই’ গ্রুপের ম্যাচে নিকারাগুয়াকে ২-০ গোলে হারিয়ে গ্রুপসেরা হয়েছে হাইতি। ১১ পয়েন্ট নিয়ে তারা নিশ্চিত করেছে বিশ্বকাপের মূল পর্ব। ১৯৭৪ সালে সর্বশেষ বিশ্বকাপ খেলা হাইতি ৫২ বছর পর আবারও বিশ্বমঞ্চে নিজেদের পতাকা ওড়ানোর সুযোগ পেল।কনক্যাকাফ অঞ্চল থেকে বিশ্বকাপের টিকিট নিশ্চিত করেছে পানামাও। নিজেদের শেষ ম্যাচে এল সালভাদরকে ৩-০ গোলে হারিয়ে তারা মূল পর্বে জায়গা করে নেয়। ২০১৮ সালে প্রথমবারের মতো বিশ্বকাপ খেলা পানামা ২০২২ আসরে কোয়ালিফাই করতে ব্যর্থ হলেও, এবার আবারও ফিরেছে বিশ্বমঞ্চে।
খবর- সমকাল
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নিউজ বাংলা চ্যানেল