প্রিন্ট এর তারিখঃ Jul 30, 2026 ইং || প্রকাশের তারিখঃ Nov 5, 2025 ইং
চলতি বছরের সর্বাধিক উপার্জনকারী অভিনেত্রী রাশমিকা
দক্ষিণী সিনেমা থেকে বলিউড- সব জায়গাতেই এখন রাশমিকা মান্দানার জয়জয়কার। চলতি বছরটিকে বলা যায় তার ক্যারিয়ারের সোনালি সময়। বক্স অফিসে একের পর এক হিট সিনেমা উপহার দিয়ে ২০২৫ সালের সর্বাধিক উপার্জনকারী অভিনেত্রী হিসেবে শীর্ষে উঠেছেন তিনি।
ভারতের বিভিন্ন গণমাধ্যম জানিয়েছে, এ বছর মুক্তিপ্রাপ্ত রাশমিকার চারটি সিনেমা মিলিয়ে মোট আয় ছাড়িয়েছে ১,২৭৫ কোটি রুপি, যা দেশের অন্যান্য বড় বাজেটের সিনেমার আয়কেও ছাড়িয়ে গেছে।
বছরের শুরুতেই ফেব্রুয়ারিতে মুক্তি পায় ‘ছাওয়া’, যেখানে ভিকি কৌশলের বিপরীতে অভিনয় করেন রাশমিকা। প্রায় ১৫০ কোটি টাকার বাজেট থাকা সত্ত্বেও ছবিটি বিশ্বব্যাপী আয় করে ৮০৭.৮৮ কোটি রুপি, যা বক্স অফিসে এক প্রকার রেকর্ডই বলা চলে।
এরপর মার্চে আসে ‘সিকান্দার’, বাজেট ছিল প্রায় ২০০ কোটি রুপি। যদিও এই ছবিটি প্রত্যাশিত সাফল্য পায়নি, তারপরও ভারতে এর আয় ১৩১.৫০ কোটি এবং বিশ্বব্যাপী ১৮৫.৫০ কোটি রুপি।
জুনে মুক্তি পাওয়া ‘কুবেরা’ ছবিটিও ভালো সাড়া ফেলে। ১০০ কোটি টাকার বাজেটে নির্মিত এ সিনেমা ভারতের বাজারে আয় করে ১০৬.৫০ কোটি, আর বিশ্বজুড়ে আয় ১৩৮.৬০ কোটি রুপি।
বছরের শেষে দীপাবলিতে মুক্তি পায় ‘থাম্মা’। ১৪০ কোটি টাকার বাজেটের এই সিনেমা বর্তমানে ভারতে আয় করেছে ১২৫.৭৫ কোটি এবং বিশ্বব্যাপী ১৪৩.৭৫ কোটি রুপি।
খবর- সময়ের আলো
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নিউজ বাংলা চ্যানেল