
নিজস্ব প্রতিবেদক
এক মাসের ব্যবধানে ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ২২৩ টাকা বাড়িয়ে ২ হাজার ৬০ টাকা নির্ধারণ করায় তীব্র ক্ষোভ ও উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি। দলটির নেতারা বলেছেন, নিত্যপ্রয়োজনীয় জ্বালানির এভাবে মূল্যবৃদ্ধি সাধারণ মানুষের জীবনযাত্রাকে আরও দুর্বিষহ করে তুলবে। জনগণের আয় ও ক্রয়ক্ষমতা বিবেচনায় না নিয়ে এমন সিদ্ধান্ত জনস্বার্থবিরোধী।
মঙ্গলবার (৩ নভেম্বর) গণমাধ্যমে পাঠানো এক যৌথ বিবৃতিতে দলটির ভারপ্রাপ্ত আমির মাওলানা আব্দুল কাইয়ুম সুবহানী ও মহাসচিব মাওলানা মুসা বিন ইযহার এ প্রতিক্রিয়া জানান।
বিবৃতিতে নেতারা বলেন, বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) বেসরকারি পর্যায়ে ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ১ হাজার ৮৩৭ টাকা থেকে বাড়িয়ে ২ হাজার ৬০ টাকা নির্ধারণ করেছে। অথচ সেপ্টেম্বরে এ দাম ছিল ১ হাজার ৫৮৫ টাকা। অর্থাৎ দুই মাসের ব্যবধানে সিলিন্ডারপ্রতি দাম বেড়েছে ৪৭৫ টাকা। চলতি বছরের জানুয়ারিতে যে সিলিন্ডারের দাম ছিল ১ হাজার ৩০৬ টাকা, তা এখন ২ হাজার ৬০ টাকায় পৌঁছেছে। অথচ সাধারণ মানুষের আয় ও ক্রয়ক্ষমতা সেই অনুপাতে বাড়েনি।
তারা বলেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও সংসারের ক্রমবর্ধমান ব্যয়ে এমনিতেই সাধারণ মানুষ চাপে রয়েছে। এর মধ্যে এলপিজির মূল্যবৃদ্ধি তাদের ওপর নতুন করে অর্থনৈতিক বোঝা চাপাবে। শুধু সরকারি নির্ধারিত দাম বাড়ানোই নয়, নির্ধারিত মূল্যের চেয়েও বেশি দামে সিলিন্ডার বিক্রির অভিযোগ রয়েছে। ফলে ভোক্তারা দ্বিমুখী সংকটের মুখে পড়ছেন।
নেতৃদ্বয় আরও বলেন, আন্তর্জাতিক বাজারে মূল্যবৃদ্ধির অজুহাতে জনগণের ওপর অতিরিক্ত ব্যয়ের বোঝা চাপানো হলেও আমদানি ব্যয়, পরিবহন খরচ, কমিশন ও অন্যান্য মূল্য নির্ধারণের হিসাব স্বচ্ছভাবে প্রকাশ করা হচ্ছে না। বাজারে সিন্ডিকেট ও অতিরিক্ত মুনাফার সুযোগ থাকলে শুধু মূল্য নির্ধারণের ঘোষণা দিয়ে ভোক্তাদের স্বার্থ রক্ষা করা সম্ভব নয়।
বিবৃতিতে তারা উল্লেখ করেন, রান্নার গ্যাস কোনো বিলাসপণ্য নয়; বরং সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের অপরিহার্য উপকরণ। এলপিজির দাম বাড়লে শুধু পারিবারিক ব্যয়ই বাড়ে না, হোটেল-রেস্তোরাঁসহ ক্ষুদ্র ব্যবসাপ্রতিষ্ঠানের পরিচালন ব্যয়ও বৃদ্ধি পায়। যার প্রভাব শেষ পর্যন্ত খাদ্যসহ অন্যান্য নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারেও পড়ে।
এ পরিস্থিতিতে এলপিজির মূল্যবৃদ্ধির যৌক্তিকতা ও মূল্য নির্ধারণের বিস্তারিত হিসাব জনসমক্ষে প্রকাশ, বাজারে কঠোর নজরদারি এবং নির্ধারিত দামের বেশি বিক্রির বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি জানান নেজামে ইসলাম পার্টির নেতারা। একই সঙ্গে ভোক্তাদের স্বার্থ সুরক্ষায় সরকারের জরুরি পদক্ষেপ কামনা করেন তারা।
বিবৃতিতে নেতারা আরও বলেন, জনগণকে স্বস্তি দেওয়ার পরিবর্তে একের পর এক মূল্যবৃদ্ধির মাধ্যমে তাদের জীবনকে আরও কঠিন করে তোলা দায়িত্বশীল সরকারের কাজ হতে পারে না। জ্বালানি খাতের অব্যবস্থাপনা, বাজার নিয়ন্ত্রণে দুর্বলতা কিংবা ব্যবসায়িক গোষ্ঠীর স্বার্থের দায় সাধারণ মানুষ বহন করতে পারে না।
তারা এলপিজির মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত পুনর্বিবেচনা করে জনগণের ক্রয়ক্ষমতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ দাম নির্ধারণের আহ্বান জানান। অন্যথায় এ মূল্যবৃদ্ধির কারণে সৃষ্ট জনদুর্ভোগের দায় সরকারকেই নিতে হবে বলে হুঁশিয়ারি দেন দলটির নেতারা।