নিউজ বাংলা ডেস্ক : এইচএসসি ও সমমানের পরীক্ষা-২০২৬-এর ফল প্রকাশ করা হবে আজ শনিবার (৩১ অক্টোবর)। সকাল ১১টায় সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সভাকক্ষে আনুষ্ঠানিকভাবে ফল ঘোষণা করা হবে। ফল প্রকাশের পর শিক্ষার্থীরা অনলাইন, নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠান এবং মুঠোফোনে এসএমএসের মাধ্যমে ফল জানতে পারবেন।
শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ফল প্রকাশের অনুষ্ঠানের উদ্বোধন করবেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। উদ্বোধনের সঙ্গে সঙ্গে সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠান ও অনলাইনে একযোগে ফল প্রকাশ করা হবে বলে জানিয়েছেন বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আখতারুজ্জামান।
যেভাবে ফল জানা যাবে
১. অনলাইনে
শিক্ষা বোর্ডের নির্ধারিত ওয়েবসাইটে প্রবেশ করে রেজাল্ট কর্নার থেকে প্রয়োজনীয় তথ্য দিয়ে ফল সংগ্রহ করতে পারবেন পরীক্ষার্থীরা।
২. শিক্ষাপ্রতিষ্ঠানের মাধ্যমে
পরীক্ষার্থীরা নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠান থেকেও ফল জানতে পারবেন। এ জন্য প্রতিষ্ঠানগুলোকে অনলাইনে ফল ডাউনলোড করে প্রকাশ করতে হবে। শিক্ষা বোর্ডের ওয়েবসাইটের রেজাল্ট কর্নারে সংশ্লিষ্ট বোর্ড নির্বাচন করে প্রতিষ্ঠানের ইআইআইএন নম্বর ব্যবহার করে ফল ডাউনলোড করা যাবে।
৩. মুঠোফোনে এসএমএস পাঠিয়ে
যেকোনো মুঠোফোন থেকে এসএমএসের মাধ্যমেও ফল জানা যাবে। এ জন্য ইংরেজিতে পরীক্ষার নাম, বোর্ডের নামের প্রথম তিন অক্ষর, রোল নম্বর ও পরীক্ষার বছর লিখে ১৬১৪০ নম্বরে পাঠাতে হবে।
উদাহরণ: HSC DHA 123456 2026 লিখে ১৬১৪০ নম্বরে এসএমএস পাঠাতে হবে।
গত ২ জুলাই ২০২৬ এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়েছিল। লিখিত পরীক্ষা ৮ আগস্ট শেষ হওয়ার কথা থাকলেও প্রাকৃতিক দুর্যোগের কারণে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের কয়েকটি পরীক্ষা স্থগিত করা হয়। পরে স্থগিত পরীক্ষাগুলো অনুষ্ঠিত হয়।
এবার নিয়মিত ও অনিয়মিত মিলিয়ে এইচএসসি ও সমমানের পরীক্ষায় মোট ১২ লাখ ৭০ হাজার ৫৮৩ জন পরীক্ষার্থী অংশ নেন। তবে বিভিন্ন কারণে কয়েকজন পরীক্ষার্থী পরীক্ষায় অনুপস্থিত ছিলেন।