নিউজ বাংলা ডেস্ক : মিরপুরের ঐতিহ্যবাহী প্যারিস খাল রক্ষায় পরিচ্ছন্নতা অভিযান শুরু করেছেন তরুণ স্বেচ্ছাসেবীরা। ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) সহযোগিতায় ফুটস্টেপস বাংলাদেশের ‘চলো খাল বাঁচাই’ উদ্যোগের আওতায় তিন দিনব্যাপী এ কর্মসূচি চলছে। অভিযানে খাল থেকে বর্জ্য অপসারণের পাশাপাশি স্থানীয় বাসিন্দাদের সচেতন করছেন স্বেচ্ছাসেবীরা।
খালটি পরিদর্শন করে ডিএনসিসির প্রশাসক মো. শফিকুল ইসলাম খান বলেন, নানা বাধা এলেও নগরবাসীকে সঙ্গে নিয়ে ‘ক্লিন ও গ্রিন ঢাকা’ রূপকল্প বাস্তবায়ন করা হবে। তিনি জানান, খালের সীমানা নির্ধারণের কাজ ৮৫ থেকে ৯০ শতাংশ সম্পন্ন হয়েছে। দ্রুত অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হবে। খালে ময়লা ফেললে কঠোর আইনগত ব্যবস্থাও নেওয়া হবে বলে সতর্ক করেন তিনি।
এ উদ্যোগের প্রশংসা করেছেন ফ্রান্সের রাষ্ট্রদূত জঁ-মার্ক সেঁরে-শার্লে। তিনি বলেন, ঢাকার জলাবদ্ধতা কমাতে খালের স্বাভাবিক পানিপ্রবাহ ফিরিয়ে আনা অত্যন্ত জরুরি। খালের দীর্ঘমেয়াদি উন্নয়নে ফ্রান্স সরকারের সহযোগিতা অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
ফুটস্টেপস বাংলাদেশ জানিয়েছে, শুধু খাল পরিষ্কার করাই নয়, এ কর্মসূচির অন্যতম উদ্দেশ্য মানুষের মধ্যে সচেতনতা তৈরি করা। ভবিষ্যতে যাতে প্যারিস খাল আবার বর্জ্য ফেলার স্থানে পরিণত না হয়, সে জন্য স্থানীয় বাসিন্দাদের সম্পৃক্ত করে টেকসই বর্জ্য ব্যবস্থাপনা গড়ে তোলার পরিকল্পনা রয়েছে।
অভিযানে যুক্ত গো আপ ফাউন্ডেশনের স্বেচ্ছাসেবী আব্দুল জাহিদ বলেন, ‘এই দেশ আমাদের, শহরটাও আমাদের। তাই শহর পরিষ্কার রাখা আমাদের দায়িত্ব। মানুষকে সচেতন করাও জরুরি। দেশের কল্যাণে কাজ করার লক্ষ্য থেকেই গো আপ ফাউন্ডেশন এই উদ্যোগে যুক্ত হয়েছে।’
আয়োজকদের পরিকল্পনা অনুযায়ী, খাল পরিষ্কারের পর এর দুই পাশে হাঁটার পথ, বসার জায়গা ও সবুজ পার্ক নির্মাণ করা হবে। একই সঙ্গে স্থানীয় বাসিন্দাদের খালে ময়লা না ফেলার আহ্বান জানিয়েছেন তাঁরা। তাঁদের প্রত্যাশা, প্যারিস খাল রক্ষার এই উদ্যোগ ঢাকার অন্যান্য খাল সংরক্ষণেও তরুণদের উৎসাহিত করবে।
গো আপ ফাউন্ডেশন বাংলাদেশ একটি অলাভজনক সংগঠন। শিক্ষা, মানবিক সহায়তা, সামাজিক উন্নয়ন ও স্বেচ্ছাসেবামূলক কার্যক্রমের মাধ্যমে তরুণদের ক্ষমতায়নের পাশাপাশি সুবিধাবঞ্চিত মানুষের জীবনমান উন্নয়নে কাজ করে সংগঠনটি।