নিউজ বাংলা ডেস্ক : বিদ্যুৎ খাতে অনিয়ম ও লুটপাটের সুযোগ সৃষ্টি করতেই আওয়ামী লীগ সরকার দায়মুক্তি আইন পাস করেছিল বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবীর রিজভী। অতীতের অনিয়মের পুনরাবৃত্তি রোধে এ খাতে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করার ওপর গুরুত্ব দিয়েছেন তিনি।
বুধবার (২৮ অক্টোবর) ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) শফিকুল কবির মিলনায়তনে কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) ও ক্যাব যুব সংসদ আয়োজিত এক গণসংলাপে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন রিজভী।
বর্তমান সরকারের আমলে জবাবদিহি থাকায় লুটপাটের সুযোগ নেই বলে মন্তব্য করেন তিনি। রিজভী বলেন, যেকোনো প্রকল্প বাস্তবায়নের সময় জনগণের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। পাশাপাশি প্রকল্পের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের জবাবদিহির আওতায় আনতে হবে।
দেশে শতভাগ বিদ্যুৎ সুবিধা নিশ্চিত করার কথা বলা হলেও প্রত্যন্ত অঞ্চল ও চরাঞ্চলের অনেক মানুষ এখনো এ সুবিধা থেকে বঞ্চিত রয়েছেন বলে দাবি করেন বিএনপির এই নেতা। তিনি বলেন, অনেক দরিদ্র পরিবার একে অপরের সঙ্গে বিদ্যুৎ ভাগাভাগি করে ব্যবহার করে। ফলে শুধু বিদ্যুৎ ব্যবহারের পরিমাণ বিবেচনা করে হতদরিদ্র মানুষের প্রকৃত অবস্থা নির্ধারণ করা কঠিন।
এ সময় ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ উৎপাদনের সম্ভাবনার কথাও তুলে ধরেন রিজভী। তিনি জানান, এ খাতে বিদেশি বিনিয়োগকারীদেরও আগ্রহ রয়েছে।
দেশের অগ্রগতি অব্যাহত থাকবে এবং বিদ্যুৎ ও জ্বালানি সংকট কাটিয়ে ওঠা সম্ভব হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি। রিজভী বলেন, বর্তমানে বিশ্বজুড়ে জ্বালানি সংকট চলছে, যার প্রভাব বাংলাদেশেও পড়ছে। তবে বিকল্প উৎস থেকে জ্বালানি সংগ্রহসহ সংকট মোকাবিলায় বিভিন্ন উদ্যোগ নেওয়ার সুযোগ রয়েছে। তাই এ পরিস্থিতিতে হতাশ হওয়ার কারণ নেই।