
নিজস্ব প্রতিবেদক
পিরোজপুরে মুক্তিযোদ্ধা মানিক পশারীর মরদেহ দাফন ও গার্ড অব অনার প্রদানে বাধা দেওয়ার অভিযোগে দেশজুড়ে সমালোচনার মুখে তদন্ত কমিটি গঠন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। ঘটনার সঙ্গে দলের কোনো নেতাকর্মী জড়িত কি না, তা খতিয়ে দেখবে দুই সদস্যের এই কমিটি।
মঙ্গলবার (২৭ অক্টোবর) সন্ধ্যায় জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বিশেষ বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকে সভাপতিত্ব করেন দলটির আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।
বৈঠক শেষে দলের মিডিয়া সেল জানায়, পিরোজপুরের সাম্প্রতিক ঘটনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে ঘটনার প্রকৃত চিত্র উদ্ঘাটন এবং সংগঠনের কেউ জড়িত থাকলে তা শনাক্ত করতে কমিটি গঠন করা হয়েছে। তদন্তকাজে সার্বিক সহযোগিতা করতে স্থানীয় সংগঠনকে নির্দেশ দেওয়া হয়েছে।
তদন্ত কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পেয়েছেন দুই সংসদ সদস্য সাইফুল আলম খান মিলন ও নূরুল ইসলাম বুলবুল। আগামী তিন দিনের মধ্যে কমিটিকে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।
মানিক পশারী পিরোজপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য ও জামায়াত নেতা মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদীর বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলার বাদী ছিলেন। গত শনিবার (২৪ অক্টোবর) সকাল ১০টার দিকে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় মেয়ের বাড়িতে তাঁর মৃত্যু হয়।
পরে মরদেহ পিরোজপুরে নেওয়া হলে তাঁকে গার্ড অব অনার প্রদান ও দাফনে বাধা দেওয়ার অভিযোগ ওঠে স্থানীয় জামায়াত নেতাকর্মীদের বিরুদ্ধে। তাঁকে ‘ভুয়া মুক্তিযোদ্ধা’ আখ্যা দিয়ে এ বাধা দেওয়া হয় বলে অভিযোগ রয়েছে।
অভিযোগ অনুযায়ী, দীর্ঘ সময় অপেক্ষার পর গভীর রাতে তাঁর স্ত্রী, মেয়ে ও বোনেরা নিজেরাই কবর খুঁড়ে মরদেহ দাফন করেন। এ ঘটনা প্রকাশ্যে আসার পর দেশজুড়ে তীব্র ক্ষোভ ও সমালোচনার সৃষ্টি হয়। বিভিন্ন রাজনৈতিক দলের নেতা ও বিশিষ্টজনেরা ঘটনার নিন্দা জানান।
এ পরিস্থিতিতে ঘটনার প্রকৃত সত্য উদ্ঘাটন এবং দলের সংশ্লিষ্টতার অভিযোগ যাচাইয়ে তদন্ত কমিটি গঠন করল জামায়াতে ইসলামী।