
নিজস্ব প্রতিবেদক
ব্যারিস্টার জাইমা জারনাজ রহমান, যিনি জাইমা রহমান নামে পরিচিত, তাঁর ৩১তম জন্মদিন আজ রোববার (২৫ অক্টোবর)। ১৯৯৫ সালের এই দিনে ঢাকার হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিকেল কলেজ হাসপাতালে জন্মগ্রহণ করেন তিনি। প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান এবং ডা. জুবাইদা রহমানের একমাত্র কন্যা জাইমা আইন পেশার পাশাপাশি আন্তর্জাতিক অঙ্গনেও যুক্ত রয়েছেন।
রাজনৈতিক ও ঐতিহ্যবাহী একটি পরিবারের সদস্য হিসেবে বেড়ে ওঠা জাইমা রহমানের পারিবারিক পরিচিতিও উল্লেখযোগ্য। তাঁর দাদা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ছিলেন বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি ও মুক্তিযুদ্ধের বীরউত্তম খেতাবপ্রাপ্ত সেক্টর কমান্ডার। দাদি সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। তাঁর নানা রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খান বাংলাদেশ নৌবাহিনীর সাবেক প্রধান ও সরকারের সাবেক মন্ত্রী ছিলেন।
আইন বিষয়ে উচ্চশিক্ষা
জাইমা রহমান ঢাকার ইন্টারন্যাশনাল স্কুলে প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের পড়াশোনা করেন। পরে যুক্তরাজ্যের কুইন মেরি ইউনিভার্সিটি অব লন্ডন থেকে আইনে স্নাতক ডিগ্রি অর্জন করেন। এরপর যুক্তরাজ্যের ঐতিহ্যবাহী আইনি প্রতিষ্ঠান ইনার টেম্পল থেকে ব্যারিস্টারি পেশায় কাজের যোগ্যতা অর্জন করেন। যুক্তরাজ্য ও বাংলাদেশে আইন পেশায় কাজের অভিজ্ঞতা রয়েছে তাঁর।
আন্তর্জাতিক অঙ্গনে সম্পৃক্ততা
২০২৫ সালের ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে অনুষ্ঠিত ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্টে বিএনপির প্রতিনিধিদলের সদস্য হিসেবে অংশ নেন জাইমা রহমান। ওই সফরে যুক্তরাষ্ট্রের সাবেক কয়েকজন সরকারি কর্মকর্তা ও সংশ্লিষ্ট ব্যক্তির সঙ্গে তাঁর সাক্ষাৎ হয়। পরবর্তী সময়ে গণতন্ত্র, নারী অধিকার ও বাংলাদেশের ভবিষ্যৎ নিয়ে আয়োজিত বিভিন্ন আলোচনাতেও অংশ নেন তিনি।
এদিকে, ২০২৬ সালের সেপ্টেম্বরে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতির কার্যালয়ে আইন কর্মকর্তা হিসেবে জাইমা রহমানের দায়িত্ব পালনের খবর প্রকাশিত হয়। সংশ্লিষ্ট তথ্য অনুযায়ী, সেখানে তিনি সভাপতির নির্বাহী কার্যালয়ের আইনি বিষয়াবলি নিয়ে কাজ করছেন। আন্তর্জাতিক পর্যায়ে আইনসংক্রান্ত দায়িত্ব পালনের এ অভিজ্ঞতা তাঁর পেশাগত জীবনে নতুন মাত্রা যোগ করেছে।
সামাজিক উন্নয়নেও সম্পৃক্ততা
আইন পেশার পাশাপাশি সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ডেও যুক্ত রয়েছেন জাইমা রহমান। তিনি সামাজিক উন্নয়ন সংস্থা সুরভীর পরিচালনা পর্ষদের সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন। সংস্থাটি সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষা ও সামাজিক উন্নয়নে কাজ করে।
ব্যক্তিগত জীবনকে তুলনামূলকভাবে আড়ালে রেখে আইন পেশা, আন্তর্জাতিক পর্যায়ে সম্পৃক্ততা ও সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ডে যুক্ত থাকার মধ্য দিয়ে নিজের পেশাগত পরিচিতি গড়ে তুলছেন জাইমা রহমান। তাঁর ৩১তম জন্মদিনে পারিবারিক রাজনৈতিক ঐতিহ্যের পাশাপাশি পেশাগত অগ্রযাত্রা ও আন্তর্জাতিক অঙ্গনে ভূমিকা নতুন করে আলোচনায় এসেছে।