
নিজস্ব প্রতিবেদন
ইউরোপের বাজারে বাংলাদেশের তৈরি পোশাক ও টেক্সটাইল পণ্যের রপ্তানি বাড়ানো, আন্তর্জাতিক অঙ্গনে দেশীয় পণ্যের ব্র্যান্ডিং জোরদার এবং ইউরোপীয় ক্রেতাদের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক সম্প্রসারণের লক্ষ্যে স্পেনে অনুষ্ঠিত হয়েছে নৈশভোজ ও মতবিনিময় সভা। ‘বার্সেলোনা টেক্সটাইল এক্সপো ২০২৬’-এ অংশ নেওয়া বাংলাদেশি ব্যবসায়ী প্রতিনিধিদল এবং স্পেনপ্রবাসী বাংলাদেশি ব্যবসায়ী, সামাজিক, রাজনৈতিক ও কমিউনিটি নেতাদের অংশগ্রহণে আয়োজিত এ সভায় ভবিষ্যতে মেলায় বাংলাদেশের অংশগ্রহণ বাড়ানো এবং দীর্ঘমেয়াদি বাণিজ্যিক কৌশল প্রণয়নের ওপর গুরুত্ব দেওয়া হয়।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) ও স্পেনে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের যৌথ উদ্যোগে বার্সেলোনার একটি অভিজাত রেস্টুরেন্টে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্পেনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মাসুদুর রহমান এনডিসি। বিশেষ অতিথি ছিলেন কাতালোনিয়া বিএনপির সভাপতি শফিউল আলম, রপ্তানি উন্নয়ন ব্যুরোর পরিচালক মোহাম্মদ ওয়ারেছ হোসেন, স্পেনে বাংলাদেশের কমার্শিয়াল কাউন্সিলর রুহুল কুদ্দুস, প্রথম সচিব (শ্রম) মাহিদ আল হাসান এবং বিকেএমইএর পরিচালক মো. আব্দুল হান্নান।
এ ছাড়া বাংলাদেশ থেকে আসা প্রদর্শক ও ব্যবসায়ী প্রতিনিধি, বার্সেলোনার বাংলাদেশি সামাজিক, রাজনৈতিক ও কমিউনিটি নেতৃবৃন্দ, গণমাধ্যমকর্মী এবং আয়োজক প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অনুষ্ঠানে অংশ নেন।
মতবিনিময় সভায় বার্সেলোনা টেক্সটাইল এক্সপোতে বাংলাদেশের অংশগ্রহণের অভিজ্ঞতা, ইউরোপের বাজারে দেশীয় তৈরি পোশাক ও টেক্সটাইল পণ্যের পরিচিতি বৃদ্ধি এবং আন্তর্জাতিক ক্রেতাদের সঙ্গে সরাসরি বাণিজ্যিক যোগাযোগ সম্প্রসারণের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়।
প্রধান অতিথির বক্তব্যে রাষ্ট্রদূত মাসুদুর রহমান এনডিসি বলেন, ইউরোপের বাজারে বাংলাদেশের তৈরি পোশাক ও টেক্সটাইল পণ্যের অংশীদারিত্ব আরও বাড়াতে বাংলাদেশ দূতাবাস ও ইপিবির পক্ষ থেকে ব্যবসায়িক, কূটনৈতিক ও কৌশলগত সহযোগিতা অব্যাহত থাকবে। আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের পণ্যের অবস্থান সুদৃঢ় করতে সরকারি সংস্থা, ব্যবসায়ী মহল ও প্রবাসী উদ্যোক্তাদের মধ্যে সমন্বয় বাড়ানোর প্রয়োজনীয়তার ওপরও গুরুত্ব দেওয়া হয়।
বাংলাদেশ থেকে আসা ব্যবসায়ী প্রতিনিধিরা বলেন, স্পেনের এ প্রদর্শনী ইউরোপীয় ক্রেতাদের সঙ্গে সরাসরি যোগাযোগ স্থাপন, নতুন বাজারের সম্ভাবনা যাচাই এবং বাংলাদেশের তৈরি পোশাক ও টেক্সটাইল পণ্যের সক্ষমতা তুলে ধরার একটি কার্যকর প্ল্যাটফর্ম। ভবিষ্যতে মেলায় বাংলাদেশের অংশগ্রহণের পরিসর বাড়ানো, আরও বেশি প্রতিষ্ঠানকে সম্পৃক্ত করা এবং আন্তর্জাতিক ক্রেতাদের কাছে দেশীয় পণ্যের পরিচিতি বাড়াতে তাঁরা বিভিন্ন পরামর্শ দেন। একই সঙ্গে এ উদ্যোগ গ্রহণের জন্য ইপিবি ও বাংলাদেশ দূতাবাসের প্রশংসা করেন তাঁরা।
সভায় অংশ নেওয়া স্পেনপ্রবাসী বাংলাদেশি ব্যবসায়ী ও কমিউনিটি নেতারা বাংলাদেশি প্রতিনিধিদলকে স্বাগত জানান। তাঁরা বলেন, স্পেনসহ ইউরোপের বিভিন্ন দেশে বাংলাদেশের তৈরি পোশাক ও টেক্সটাইল পণ্যের বাজার সম্প্রসারণের যথেষ্ট সম্ভাবনা রয়েছে। এ সম্ভাবনাকে কাজে লাগাতে ইউরোপীয় ব্যবসায়ীদের সঙ্গে দ্বিপক্ষীয় বাণিজ্যিক সম্পর্ক জোরদার, নতুন ক্রেতা ও আমদানিকারকদের সঙ্গে যোগাযোগ বৃদ্ধি এবং বাংলাদেশি ব্যবসায়ীদের বাজারে প্রবেশের সুযোগ সম্প্রসারণে প্রবাসীরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন।
তাঁরা আরও জানান, ভবিষ্যতে বার্সেলোনা টেক্সটাইল এক্সপোতে বাংলাদেশের প্রতিনিধিত্ব আরও সুসংহত ও বৃহৎ পরিসরে নিশ্চিত করতে প্রবাসী ব্যবসায়ী ও কমিউনিটির পক্ষ থেকে প্রয়োজনীয় লজিস্টিক ও সামাজিক সহযোগিতা অব্যাহত রাখার উদ্যোগ নেওয়া হবে।
সভায় ভবিষ্যৎ প্রদর্শনীগুলোতে বাংলাদেশের সফল অংশগ্রহণ নিশ্চিত করতে ইপিবি, বাংলাদেশ দূতাবাস, তৈরি পোশাক ও টেক্সটাইল খাতের উদ্যোক্তা এবং প্রবাসী ব্যবসায়ীদের সমন্বয়ে একটি দীর্ঘমেয়াদি কর্মপরিকল্পনা বা রোডম্যাপ তৈরির ওপর গুরুত্বারোপ করা হয়। সংশ্লিষ্ট পক্ষগুলোর মধ্যে নিয়মিত যোগাযোগ ও সমন্বয়ের মাধ্যমে ইউরোপের বাজারে বাংলাদেশের রপ্তানি সম্ভাবনা আরও কার্যকরভাবে কাজে লাগানোর প্রত্যাশা ব্যক্ত করা হয়।
আলোচনা শেষে অংশগ্রহণকারীরা পারস্পরিক সৌহার্দ্য ও আন্তরিক পরিবেশে নৈশভোজে অংশ নেন।