নিউজ বাংলা ডেস্ক : শারদীয় দুর্গাপূজা উপলক্ষে দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে বাংলাদেশ ও ভারতের মধ্যে পণ্য আমদানি-রপ্তানি কার্যক্রম টানা সাত দিন বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে এ সময়ে হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে বৈধ পাসপোর্টধারী যাত্রীদের যাতায়াত চালু থাকবে।
শনিবার রাতে বিষয়টি নিশ্চিত করেছেন দিনাজপুর হিলি স্থলবন্দর সিঅ্যান্ডএফ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. শাহিনুর ইসলাম শাহিন।
তিনি জানান, শনিবার ভারতের হিলি এক্সপোর্টার্স অ্যান্ড কাস্টমস ক্লিয়ারিং এজেন্টস অ্যাসোসিয়েশন চিঠির মাধ্যমে বাংলাদেশের হিলি কাস্টমস সিঅ্যান্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশনকে বন্দর বন্ধ রাখার সিদ্ধান্তের কথা জানিয়েছে।
শাহিনুর ইসলাম শাহিন বলেন, ১৭ অক্টোবর থেকে সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা শুরু হওয়ায় ভারতীয় ব্যবসায়ীরা বন্দর ব্যবহারকারীদের সঙ্গে আলোচনা করে দুই দেশের মধ্যে পণ্য পরিবহন বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছেন।
সিদ্ধান্ত অনুযায়ী, ১৭ থেকে ২২ অক্টোবর পর্যন্ত হিলি স্থলবন্দরের সব ধরনের আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে। এর সঙ্গে ২৩ অক্টোবর শুক্রবারের সাপ্তাহিক ছুটি যুক্ত হওয়ায় টানা সাত দিন পণ্য পরিবহন বন্ধ থাকবে। আগামী ২৪ অক্টোবর শনিবার থেকে বন্দরের মাধ্যমে আমদানি-রপ্তানি কার্যক্রম আবারও স্বাভাবিক নিয়মে পুরোদমে শুরু হবে।
এদিকে, পণ্য পরিবহন বন্ধ থাকলেও ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে যাত্রী পারাপারে কোনো বিরতি থাকবে না বলে জানিয়েছেন চেকপোস্টের কর্মকর্তা ওসি মো. জাকারিয়া হোসেন।
তিনি বলেন, সরকারি নির্দেশনা অনুযায়ী প্রতিদিন সকাল ৯টা থেকে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত বৈধ পাসপোর্ট ও ভিসাধারীরা বাংলাদেশ ও ভারতের মধ্যে যাতায়াত করতে পারবেন।