নিউজ বাংলা ডেস্ক : কক্সবাজারের ইনানীতে টুপটুপ রিসোর্টে অগ্নিকাণ্ডে ছয় পর্যটকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও অনেকে আহত হয়েছেন। হতাহতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
ফায়ার সার্ভিসের সিনিয়র কর্মকর্তা দোলন আচার্য জানান, ঘটনাস্থল থেকে ছয়জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।
ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা যায়, আগুন নেভাতে সকাল ৮টা থেকে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট কাজ শুরু করে। সকাল ১০টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। এরপর রিসোর্টটিতে উদ্ধার অভিযান শুরু করা হয়। আগুনে রিসোর্টটির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
অগ্নিকাণ্ডের পর রিসোর্ট কর্তৃপক্ষের লোকজন সেখান থেকে চলে গেছেন বলে জানা গেছে। তবে কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে, ক্ষয়ক্ষতির পরিমাণ কত এবং রিসোর্টটির অগ্নিনিরাপত্তাব্যবস্থা কেমন ছিল—এসব বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।