
নিজস্ব প্রতিবেদন
আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি, জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, জননিরাপত্তাহীনতা, নিয়োগ বাণিজ্য ও দুর্নীতির প্রতিবাদে সপ্তাহব্যাপী গণসংযোগ কর্মসূচি ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। আগামী ২৩ অক্টোবর থেকে ঢাকা মহানগরের বিভিন্ন স্থানে লিফলেট বিতরণ ও গণসংযোগের মধ্য দিয়ে এ কর্মসূচি শুরু হবে। একই দাবিতে ৩০ অক্টোবর রাজধানীর শাহবাগে প্রতিবাদ কর্মসূচি পালন করবে দলটির ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ শাখা।
রোববার (১১ অক্টোবর) এনসিপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম রাজনৈতিক পর্ষদের সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়। পরে দলের মিডিয়া সেলের পাঠানো এক বিজ্ঞপ্তিতে সভার সিদ্ধান্তগুলো জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, জনজীবনের সংকট, জননিরাপত্তা এবং বিভিন্ন ক্ষেত্রে দুর্নীতি ও অনিয়মের প্রতিবাদে সাধারণ মানুষের কাছে দলের বক্তব্য তুলে ধরতে ধারাবাহিক গণসংযোগ চালানো হবে। ২৩ অক্টোবর শুরু হতে যাওয়া সপ্তাহব্যাপী কর্মসূচির উদ্বোধন করবেন এনসিপির আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম এমপি। এতে দলের শীর্ষ নেতারাও অংশ নেবেন।
এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের সভাপতিত্বে এবং সদস্যসচিব আখতার হোসেন এমপির সঞ্চালনায় রাজনৈতিক পর্ষদের সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত ছিলেন হাসনাত আব্দুল্লাহ এমপি, সারজিস আলম, নাসীরউদ্দীন পাটোয়ারী, আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, আব্দুল্লাহ আল আলামিন এমপি, আরিফ ইসলাম আদীব, সারোয়ার তুষার, নুসরাত তাবাসসুম এমপি, আলী আহসান জুনায়েদ ও সালেহ উদ্দিন সিফাত।
সভায় আসন্ন দুর্গাপূজা উপলক্ষে দেশের বিভিন্ন পূজামণ্ডপের নিরাপত্তা নিশ্চিত করা এবং সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার বিষয়েও সিদ্ধান্ত নেওয়া হয়। এ লক্ষ্যে এনসিপি এবং দলটির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা সক্রিয় থাকবেন। দলের শীর্ষ নেতারা নিজ নিজ নির্বাচনী এলাকায় পূজামণ্ডপ পরিদর্শন করবেন এবং সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন।
এ ছাড়া দলের কেন্দ্রীয় কমিটির পুনর্গঠন ও দায়িত্ব বণ্টনের প্রক্রিয়া চূড়ান্ত হয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়। আগামী ১৩ অক্টোবরের মধ্যে পুনর্গঠিত কেন্দ্রীয় কমিটি ঘোষণা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে সাংগঠনিক তৎপরতা বাড়ানোরও সিদ্ধান্ত নিয়েছে দলটি। আগামী সপ্তাহে আরও ১০০টি উপজেলা ও পৌরসভা নির্বাচনে দলের প্রার্থীদের তালিকা ঘোষণা করা হবে। পাশাপাশি ইউনিয়ন পরিষদ নির্বাচনের প্রার্থীদের তালিকা প্রস্তুতের কাজেও গতি বাড়ানো হবে।
রাজনৈতিক পর্ষদের এসব সিদ্ধান্তের মধ্য দিয়ে জনসংশ্লিষ্ট বিভিন্ন ইস্যুতে মাঠপর্যায়ে সাংগঠনিক কার্যক্রম জোরদার করার পাশাপাশি আসন্ন স্থানীয় সরকার নির্বাচন ও দুর্গাপূজাকে কেন্দ্র করে দলীয় তৎপরতা বাড়ানোর পরিকল্পনা তুলে ধরেছে এনসিপি।