নিউজ বাংলা ডেস্ক : যুদ্ধাপরাধে অভিযুক্ত পলাতক ব্যক্তি হিসেবে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সমালোচনা করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। তাঁর অভিযোগ, বিচার এড়ানো এবং নিজের রাজনৈতিক অবস্থান ধরে রাখার চেষ্টায় নেতানিয়াহু মার্কিন নাগরিকদের জীবন ও যুক্তরাষ্ট্রের সম্পদ বিপদের মুখে ঠেলে দিচ্ছেন।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে আরাগচি বলেন, নেতানিয়াহুর হাতে আরব, মার্কিন ও ইরানিদের রক্ত লেগে আছে। এমনকি নিজের দেশের মানুষের প্রতিও তাঁর কোনো পরোয়া নেই।
পোস্টে ইরানের পররাষ্ট্রমন্ত্রী নেতানিয়াহুকে যুদ্ধাপরাধে অভিযুক্ত পলাতক ব্যক্তি হিসেবে উল্লেখ করে অভিযোগ করেন, বিচার এড়াতে তিনি নিজের জনগণের স্বার্থও উপেক্ষা করছেন। আরাগচির ভাষ্য, অধঃপতিত জুয়াড়ির মতো নেতানিয়াহু নিজের অস্তিত্ব রক্ষায় মরিয়া হয়ে আরও মার্কিন রক্ত ও সম্পদ ব্যয় করতে চাইছেন। তাঁর দাবি, মার্কিন সিনেটররাও এই সংঘাত থেকে বেরিয়ে আসতে আগ্রহী।
ইসরায়েলের এক জেনারেলের সাক্ষাৎকার শেয়ার করে এসব মন্তব্য করেন আরাগচি। এশিয়ান নিউজ ইন্টারন্যাশনালের (এএনআই) এক প্রতিবেদনে বলা হয়েছে, ওই জেনারেল ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলার দিন সকালে নেতানিয়াহুকে ঘুম থেকে জাগিয়েছিলেন।