
নিজস্ব প্রতিবেদক
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) সোহরাওয়ার্দী হলে চার শতাধিক শিক্ষার্থীকে বিনামূল্যে চিকিৎসাসেবা ও প্রাথমিক ওষুধ দেওয়া হয়েছে। শিক্ষার্থীদের স্বাস্থ্যসচেতনতা বৃদ্ধি এবং আবাসিক শিক্ষার্থীদের চিকিৎসাসেবা নিশ্চিত করার লক্ষ্যে শুক্রবার (৯ অক্টোবর) এ মেডিক্যাল ক্যাম্পের আয়োজন করা হয়।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) ও সোহরাওয়ার্দী হল সংসদের যৌথ উদ্যোগে এবং ন্যাশনাল হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক লিমিটেডের সহযোগিতায় আয়োজিত এ ক্যাম্পে ডার্মাটোলজি, মেডিসিন ও নিউট্রিশন বিভাগের চারজন বিশেষজ্ঞ চিকিৎসক শিক্ষার্থীদের স্বাস্থ্য পরীক্ষা করেন। পাশাপাশি বিভিন্ন রোগের বিষয়ে পরামর্শ ও বিনামূল্যে প্রাথমিক ওষুধ প্রদান করা হয়।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোহরাওয়ার্দী হল সংসদের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. আবুল বাশার এবং ন্যাশনাল হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ডা. মুহাম্মদ ইউসুফ।
এ সময় উপস্থিত ছিলেন হাসপাতালটির নিউট্রিশনিস্ট ডা. মো. ইকবাল হোসেন, মেডিসিন বিশেষজ্ঞ ডা. মুহাম্মদ ফয়জুল ইসলাম, চর্মরোগ বিশেষজ্ঞ ডা. কে. সামিয়া শিমু এবং ডা. মেহতাজ তাসনিম।
অনুষ্ঠানে চাকসুর সাধারণ সম্পাদক সাঈদ বিন হাবিব, স্বাস্থ্যবিষয়ক সম্পাদক আফনান হাসান ইমরান, দপ্তর সম্পাদক আব্দুল্লাহ আল নোমান এবং সোহরাওয়ার্দী হল সংসদের ভিপি, জিএস, এজিএসসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সোহরাওয়ার্দী হল সংসদের সাধারণ সম্পাদক (জিএস) নুরুন্নবী সোহানের সঞ্চালনায় অনুষ্ঠানের কার্যক্রম শুরু হয়। এতে স্বাগত বক্তব্য দেন হল সংসদের সহসভাপতি (ভিপি) নিয়ামত উল্লাহ আবরার ফারাবী।
বক্তারা বলেন, শিক্ষার্থীদের সুস্থতা নিশ্চিত করতে স্বাস্থ্যসচেতনতা বৃদ্ধি, অসুস্থ হলে যথাসময়ে চিকিৎসকের পরামর্শ গ্রহণ এবং স্বাস্থ্যসংক্রান্ত সমস্যাগুলো নিয়ে সচেতনভাবে কথা বলা জরুরি। একটি সুস্থ ও শিক্ষাবান্ধব বিশ্ববিদ্যালয় পরিবেশ গড়ে তুলতে শিক্ষার্থীদের শারীরিক সুস্থতা ও কল্যাণ নিশ্চিত করার বিকল্প নেই।
আয়োজকেরা জানান, আবাসিক শিক্ষার্থীদের স্বাস্থ্যসেবা ও কল্যাণ নিশ্চিত করার লক্ষ্যে ভবিষ্যতেও এ ধরনের উদ্যোগ অব্যাহত রাখার পরিকল্পনা রয়েছে। তাঁদের মতে, এ ধরনের উদ্যোগ শিক্ষার্থীদের প্রয়োজনীয় চিকিৎসাসেবা পাওয়ার সুযোগ বাড়ানোর পাশাপাশি স্বাস্থ্য সম্পর্কে সচেতনতা তৈরিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।