
নিজস্ব প্রতিবেদক
পঞ্চগড়ে আলোচিত আলামিন হত্যা মামলার এজাহারভুক্ত পলাতক আসামি নাইমুজ্জামান ভূঁইয়া ওরফে মুক্তা (৫১)কে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (৬ অক্টোবর) সকালে পঞ্চগড় সদর উপজেলার কাজীপাড়া এলাকায় নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।
নাইমুজ্জামান ভূঁইয়া পঞ্চগড়-১ আসনের সাবেক সংসদ সদস্য এবং আটোয়ারী উপজেলার সাতখামার এলাকার মৃত আব্দুল খালেক ভূঁইয়ার ছেলে।
জেলা পুলিশের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, পঞ্চগড় জেলা গোয়েন্দা শাখার (ডিবি) একটি চৌকস দল তথ্যপ্রযুক্তির সহায়তা ও গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে। জেলার আটোয়ারী, তেঁতুলিয়া ও সদর থানা এলাকায় একযোগে সমন্বিত অভিযান চালানো হয়। এরই ধারাবাহিকতায় সদর উপজেলার কাজীপাড়া এলাকায় তার নিজ বাড়িতে অভিযান চালিয়ে নাইমুজ্জামান ভূঁইয়াকে গ্রেফতার করা হয়।
পুলিশ জানায়, তিনি পঞ্চগড়ের আলোচিত আলামিন হত্যা মামলার এজাহারভুক্ত পলাতক আসামি ছিলেন।
গ্রেফতারের পর তাকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হয়। পরে আইনগত প্রক্রিয়া শেষে তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছে জেলা পুলিশ।