নিউজ বাংলা ডেস্ক : বাংলা কিউআরের মাধ্যমে লেনদেনে নতুন রেকর্ড হয়েছে বলে জানিয়েছেন আইএফআইসি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মনসুর মোস্তফা। সোমবার (৫ অক্টোবর) ব্যাংকটির উদ্যোগে আয়োজিত ডিজিটাল লেনদেনবিষয়ক সচেতনতামূলক কর্মসূচিতে তিনি এ তথ্য জানান।
বাংলা কিউআর ব্যবহারের প্রচারণায় সৈয়দ মনসুর মোস্তফা বলেন, দেশে ক্যাশলেস লেনদেনের বিস্তার দ্রুত বাড়ছে এবং এক বছরের মধ্যেই এটি সারা দেশে ছড়িয়ে পড়বে।
বাংলা কিউআরকে জনপ্রিয় করতে বাংলাদেশ ব্যাংক দেশজুড়ে মাঠপর্যায়ে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করছে। এর অংশ হিসেবেই এই সচেতনতামূলক কর্মসূচির আয়োজন করা হয়।
কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, দেশে ক্যাশলেস লেনদেনের ব্যবহার ক্রমেই বাড়ছে। গত তিন মাসে বাংলা কিউআরের ব্যবহার প্রায় সাড়ে তিন গুণ বৃদ্ধি পেয়েছে। বর্তমানে এই ব্যবস্থায় প্রতিদিন গড়ে প্রায় ১৪৩ কোটি টাকা লেনদেন হচ্ছে।
বাংলা কিউআর সেবা বর্তমানে দেশের প্রায় ৪০ লাখ ব্যবসাপ্রতিষ্ঠানে চালু রয়েছে।
মতিঝিলে আয়োজিত কর্মসূচিতে অংশ নেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর মোস্তাকুর রহমান। তিনি বাংলা কিউআর ব্যবহার করে কেনাকাটা করেন এবং এ সময় ব্যবসায়ীদের সঙ্গেও কথা বলেন।