
নিজস্ব প্রতিবেদক
ইসলামী আন্দোলন বাংলাদেশের একটি প্রতিনিধিদলের সঙ্গে মালির সাবেক প্রধানমন্ত্রী মুসা মারার সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে এ সাক্ষাৎ হয়।
সাক্ষাতে বাংলাদেশ ও মালির সমসাময়িক রাজনৈতিক ও অর্থনৈতিক পরিস্থিতি, পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়, মুসলিম উম্মাহর ঐক্য এবং দুই দেশের মধ্যে সহযোগিতার সম্ভাবনা নিয়ে আলোচনা হয়। জনগণের কল্যাণ ও রাষ্ট্রীয় উন্নয়নের স্বার্থে দুর্নীতির বিরুদ্ধে কার্যকর ও দৃঢ় অবস্থান নেওয়ার প্রয়োজনীয়তায় উভয় পক্ষ একমত পোষণ করে।
এ সময় মুসলিম উম্মাহর কল্যাণে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি এবং ঐক্যবদ্ধভাবে কাজ করার বিষয়ে আগ্রহ প্রকাশ করা হয়। পাশাপাশি দুই দেশের জনগণের মধ্যে যোগাযোগ বাড়ানো, অভিজ্ঞতা বিনিময় এবং বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতার নতুন সুযোগ তৈরির বিষয়েও আলোচনা করেন তারা।
সাক্ষাতে বাংলাদেশের জনগণের প্রশংসা করেন মুসা মারা। বিশেষ করে তরুণ প্রজন্মের উদ্যম, আগ্রহ ও ইতিবাচক ভূমিকা তাকে অনুপ্রাণিত করেছে বলে উল্লেখ করেন তিনি।
চরমোনাইয়ে আয়োজিত ইসলামী আন্দোলন বাংলাদেশের বার্ষিক মাহফিলে বিপুল মানুষের অংশগ্রহণের বিষয়েও আগ্রহ প্রকাশ করেন মুসা মারা। ভবিষ্যতে ওই মাহফিলে নিজে অংশ নেওয়ার পাশাপাশি মালির আলেম সমাজের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল পাঠানোর আগ্রহের কথাও জানান তিনি।
সাক্ষাতে ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষে উপস্থিত ছিলেন আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা আলহাজ্ব গোলাম মসীহ, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের তথ্য ও গবেষণা সম্পাদক মো. কামরুল ইসলাম, আন্তর্জাতিক বিষয়ক উপকমিটির সদস্য সচিব ও ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মো. রাজন সিকদার এবং ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাংগঠনিক সম্পাদক মো. মইনুল ইসলাম।