
নিজস্ব প্রতিবেদক
শিশুদের পড়াশোনার পাশাপাশি খেলাধুলা ও বিভিন্ন সৃজনশীল কর্মকাণ্ডে যুক্ত করে তাদের নিজস্ব মেধা ও প্রতিভা বিকাশের সুযোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, আজকের শিশুরাই আগামী দিনের দেশের নেতৃত্ব দেবে। শিশুদের সুন্দরভাবে বেড়ে ওঠার সুযোগ নিশ্চিত করা গেলে দেশের ভিত্তি আরও শক্তিশালী ও মজবুত হবে।
মঙ্গলবার (৬ অক্টোবর) শিশু অধিকার দিবস-২০২৬ উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, শিশুদের শুধু পড়াশোনার মধ্যে সীমাবদ্ধ রাখা উচিত নয়। তাদের খেলাধুলা, সংস্কৃতি ও অন্যান্য সৃজনশীল কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত করতে হবে। এতে শিশুদের শারীরিক ও মানসিক বিকাশ আরও সুস্থ ও স্বাভাবিকভাবে ঘটবে।
তিনি বলেন, ‘যার যে প্রতিভা আছে, সেটি তোমরা সুন্দরভাবে সম্পন্ন করো।’ শিশুদের নিজেদের মেধা ও প্রতিভা বিকাশে প্রয়োজনীয় সুযোগ তৈরি করতে অভিভাবকসহ সংশ্লিষ্ট সবার প্রতি আহ্বান জানান তিনি।
তারেক রহমান বলেন, শিশুদের বেড়ে ওঠার জন্য নিরাপদ, সুন্দর ও মানবিক পরিবেশ নিশ্চিত করা অত্যন্ত জরুরি। তাদের মেধা, যোগ্যতা ও সৃজনশীলতার বিকাশ ঘটাতে পারলে ভবিষ্যতে একটি শক্তিশালী রাষ্ট্র গড়ে তোলা সম্ভব হবে।
প্রধানমন্ত্রী বলেন, ‘আমরা একটি মানবিক বাংলাদেশ গড়ে তুলতে চাই।’ শিশুদের অধিকার নিশ্চিত করার পাশাপাশি তাদের মধ্যে মানবিক মূল্যবোধ, সৃজনশীলতা ও দায়িত্ববোধ গড়ে তোলার ওপরও গুরুত্বারোপ করেন তিনি।
শিশুদের সৃজনশীলতার প্রশংসা করে প্রধানমন্ত্রী তাদের প্রতিভা বিকাশে আরও উৎসাহ ও সহযোগিতা দেওয়ার আহ্বান জানান। তিনি বলেন, শিশুদের জন্য এমন একটি পরিবেশ তৈরি করতে হবে, যেখানে তারা নিজেদের প্রতিভা স্বাধীনভাবে বিকশিত করার সুযোগ পায়।
অনুষ্ঠানে শিশুদের আঁকা ৩৫টি ছবি প্রধানমন্ত্রীকে উপহার দেওয়া হয়। শিশুদের সৃজনশীল কর্মকাণ্ডে উৎসাহ দিতে এসব শিল্পকর্ম গ্রহণ করেন তিনি।