
নিজস্ব প্রতিবেদক
দীর্ঘ ১০ বছরের সম্পর্কের ইতি টানার সিদ্ধান্ত নিয়েছেন সংগীতশিল্পী ও অভিনেতা প্রীতম হাসান এবং মডেল-অভিনেত্রী ও গায়িকা শেহতাজ মনিরা হাশেম। রোববার রাতে নিজেদের সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া পৃথক বিবৃতিতে তারা জানিয়েছেন, পারস্পরিক বোঝাপড়া ও সম্মতির ভিত্তিতেই বিবাহবিচ্ছেদের পথে এগোচ্ছেন তারা।
বিচ্ছেদের পেছনে নির্দিষ্ট কোনো ঘটনা বা কারণ উল্লেখ করেননি প্রীতম ও শেহতাজ। তবে প্রীতম জানিয়েছেন, সময়ের সঙ্গে তারা উপলব্ধি করেছেন যে, পারস্পরিক বোঝাপড়ার ক্ষেত্রে কিছু গুরুত্বপূর্ণ পার্থক্য তৈরি হয়েছে। ফলে আলাদা পথে এগিয়ে যাওয়াই দুজনের জন্য ভালো সিদ্ধান্ত বলে মনে হয়েছে।
শেহতাজও প্রায় একই সুরে জানিয়েছেন, অনেক ভেবেচিন্তে এবং সৌহার্দ্যপূর্ণ পরিবেশেই তারা বিচ্ছেদের সিদ্ধান্ত নিয়েছেন। দুজনের কেউই একে অপরের প্রতি কোনো অভিযোগ না তুলে পারস্পরিক সম্মান বজায় রাখার ওপর গুরুত্ব দিয়েছেন।
২০১৭ সালে প্রীতম হাসানের ‘জাদুকর’ গানের মিউজিক ভিডিওতে কাজ করার মধ্য দিয়ে তাদের পরিচয়। সেখান থেকে বন্ধুত্ব, পরে সেই সম্পর্ক গড়ায় প্রেমে। দীর্ঘ প্রায় পাঁচ বছরের প্রেমের পর ২০২২ সালের ২৮ অক্টোবর শ্রীমঙ্গলের একটি পাঁচ তারকা হোটেলে বিয়ের বন্ধনে আবদ্ধ হন তারা।
বিয়ের পর ব্যক্তিগত জীবন নিয়ে খুব বেশি আলোচনায় আসেননি এই তারকা জুটি। নিজেদের ব্যক্তিগত বিষয় অনেকটাই আড়ালে রেখেছিলেন তারা। তবে এবার বিচ্ছেদের সিদ্ধান্ত প্রকাশ্যে এনে দুজনই একসঙ্গে কাটানো সময় ও স্মৃতির জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। একই সঙ্গে একে অপরের ভবিষ্যৎ জীবনের জন্য জানিয়েছেন শুভকামনা।
বর্তমানে বিবাহবিচ্ছেদের আনুষ্ঠানিক প্রক্রিয়ার মধ্য দিয়ে যাচ্ছেন প্রীতম ও শেহতাজ। জীবনের নতুন অধ্যায়ে তারা আলাদাভাবে এগিয়ে যেতে চান। এ সময় বন্ধু, সহকর্মী, ভক্ত ও গণমাধ্যমের প্রতি নিজেদের ব্যক্তিগত পরিসর ও গোপনীয়তার প্রতি সম্মান দেখানোর অনুরোধ জানিয়েছেন দুজনই।
দীর্ঘ এক দশকের সম্পর্কের পর তাদের এমন সিদ্ধান্তে ভক্ত ও বিনোদন অঙ্গনে তৈরি হয়েছে নানা আলোচনা। তবে নিজেদের বিবৃতিতে দুজনই স্পষ্ট করেছেন, পারস্পরিক সম্মান ও সৌহার্দ্য বজায় রেখেই তারা জীবনের পরবর্তী অধ্যায়ে এগিয়ে যেতে চান।