নিউজ বাংলা ডেস্ক : পাকিস্তান ক্রিকেট দলের সাম্প্রতিক পারফরম্যান্সের নেতিবাচক প্রভাব এবার আন্তর্জাতিক ম্যাচের সম্প্রচার স্বত্ব বিক্রিতেও দেখা গেল। ঘরের মাঠের ম্যাচগুলোর জন্য ৬০ কোটি পাকিস্তানি রুপি রিজার্ভ মূল্য নির্ধারণ করা হলেও শেষ পর্যন্ত ৩৫ কোটি রুপিতে স্বত্ব বিক্রি করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। রাষ্ট্রায়ত্ত সম্প্রচারমাধ্যম পিটিভি পেয়েছে এই স্বত্ব।
দ্য এক্সপ্রেস ট্রিবিউন ও এক্সপ্রেস উর্দু জানিয়েছে, এবারের দরপত্রে একমাত্র প্রতিষ্ঠান হিসেবে অংশ নেয় পিটিভি। ফলে নির্ধারিত রিজার্ভ মূল্যের চেয়ে ২৫ কোটি রুপি কমে সম্প্রচার স্বত্ব ছাড়তে হয়েছে পিসিবিকে। চুক্তির আওতায় রয়েছে মোট ২৫টি ম্যাচ—৫টি টেস্ট, ১৪টি ওয়ানডে এবং ৬টি টি-টোয়েন্টি।
সম্প্রচার স্বত্বের মূল্য কমে যাওয়ার অন্যতম কারণ হিসেবে পাকিস্তানের সাম্প্রতিক ব্যর্থতাকে বিবেচনা করা হচ্ছে। তিন ফরম্যাট মিলিয়ে নিজেদের শেষ ১৫ ম্যাচে বাবর আজম-শাহিন আফ্রিদিদের জয় এসেছে মাত্র ৫টিতে। পাশাপাশি আয়ারল্যান্ড ও শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচগুলো ঘিরে দর্শকদের আগ্রহ তুলনামূলক কম থাকাও সম্প্রচার প্রতিষ্ঠানগুলোর অনাগ্রহের পেছনে ভূমিকা রেখেছে বলে জানিয়েছে দ্য এক্সপ্রেস ট্রিবিউন।
এদিকে পিসিবির আর্থিক অনিশ্চয়তাও পরিস্থিতিকে আরও জটিল করেছে। বোর্ডের কাছে তিনটি সম্প্রচার প্রতিষ্ঠানের বড় অঙ্কের অর্থ বকেয়া রয়েছে। এসব প্রতিষ্ঠান দরপত্রে অংশ নেওয়ার ইচ্ছা প্রকাশ করলেও শেষ পর্যন্ত তারা প্রক্রিয়ায় অংশ নেয়নি। অতীতে পাকিস্তান ক্রিকেটের সম্প্রচার স্বত্বের বড় অংশ পাওয়া একটি প্রতিষ্ঠানও এবার আগ্রহ দেখায়নি।
তবে পাকিস্তানের ম্যাচের সম্প্রচার স্বত্বের মূল্য কমে যাওয়ার ঘটনা নতুন নয়। ডনের প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৪ সালে ৩২০ কোটি রুপি রিজার্ভ মূল্য নির্ধারণ করা হলেও শেষ পর্যন্ত ১৭২ কোটি রুপিতে সম্প্রচার স্বত্ব বিক্রি হয়েছিল।