
নিউজ বাংলা ডেস্ক: ব্রাইডাল ফটোশুটে প্রায়ই ভিন্ন ভিন্ন সাজে দেখা যায় চিত্রনায়িকা অপু বিশ্বাসকে। সিনেমার কাজের ব্যস্ততা কিছুটা কম থাকলে মেকওভারের নানা আয়োজনে নিজেকে নতুনভাবে উপস্থাপন করেন তিনি। এবারও তার ব্যতিক্রম হয়নি। নতুন এক ব্রাইডাল ফটোশুটে কনে সাজে দেখা গেছে অপু বিশ্বাসকে। তাঁর সঙ্গে বর বেশে ছিলেন চিত্রনায়ক আদর আজাদ।
সম্প্রতি নিজের ফেসবুক পেজে ফটোশুটের বেশ কিছু ছবি ও একটি ভিডিও প্রকাশ করেন অপু বিশ্বাস। সেখানে বর-কনের সাজে দুজনকে একসঙ্গে দেখা যায়। ছবিগুলো প্রকাশ করে অপু লিখেছেন, ‘সোনায় মোড়ানো, ভালোবাসায় নোঙর করা।’
ফটোশুটে অপুকে দেখা গেছে জলপাই রঙের নান্দনিক কারুকাজ করা লেহেঙ্গায়। এর সঙ্গে ছিল হলুদ ওড়না। পোশাকের সঙ্গে ভারী গয়না তাঁর সাজে যোগ করেছে বাড়তি আভিজাত্য। অন্যদিকে আদর আজাদের পরনে ছিল লাল কারুকাজ করা পাঞ্জাবি। বর-কনের সাজে দুজনকে বেশ কয়েকটি ভঙ্গিতে ক্যামেরার সামনে পোজ দিতে দেখা যায়।
কখনো অপুর লাল দোপাট্টার আড়ালে আদর আজাদ, আবার কখনো পাশাপাশি দাঁড়িয়ে দুজনের পোজ—পুরো ফটোশুটেই ছিল বিয়ের আবহ। একই ফ্রেমে দুজনকে দেখে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রশংসা করেছেন অনেকেই। কেউ কেউ তাঁদের জুটি নিয়েও মন্তব্য করেছেন। অনেকের চোখে, একসঙ্গে বেশ মানিয়েছে অপু ও আদরকে।
তবে এটি কোনো সিনেমার দৃশ্য নয়; বিশেষ একটি ব্রাইডাল ফটোশুটের অংশ। আয়োজনটির মেকওভার, স্টাইলিং, পোশাক, গহনা ও কনসেপ্টের সঙ্গে যুক্ত ব্যক্তিদেরও সামাজিক যোগাযোগমাধ্যমের পোস্টে কৃতজ্ঞতার সঙ্গে উল্লেখ করেছেন অপু বিশ্বাস।
সিনেমার পর্দায় নিয়মিত জুটি হিসেবে দেখা না গেলেও এই ফটোশুটে অপু বিশ্বাস ও আদর আজাদের রসায়ন নজর কেড়েছে তাঁদের অনুসারীদের। ছবি ও ভিডিও প্রকাশের পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে তা নিয়ে চলছে আলোচনা।