
নিজস্ব প্রতিবেদক, ঢাকা: ঢাকা মহানগরের দীর্ঘদিনের যানজট নিরসনে প্রস্তাবিত অভ্যন্তরীণ বৃত্তাকার সড়ক বা ‘ইনার সার্কুলার রিং রোড’ নির্মাণ প্রকল্পের অগ্রগতি পর্যালোচনা করে কাজের গতি বাড়ানোর নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
রোববার (৪ অক্টোবর ২০২৬) বাংলাদেশ সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রকল্পটির অগ্রগতি পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী।
সভায় প্রকল্পের বিদ্যমান পরিকল্পনা নতুন করে পর্যালোচনা করে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় এবং স্থানীয় সরকার বিভাগকে সমন্বিতভাবে কাজ করার নির্দেশ দেওয়া হয়। একই সঙ্গে প্রকল্প বাস্তবায়নে যেসব প্রতিবন্ধকতা রয়েছে, সেগুলো দ্রুত চিহ্নিত করে তা দূর করার ওপর গুরুত্বারোপ করেন প্রধানমন্ত্রী।
সভায় প্রধানমন্ত্রী বলেন, রাজধানীর যানজট নিরসনে ইনার সার্কুলার রিং রোড প্রকল্পের দ্রুত বাস্তবায়ন জরুরি। সংশ্লিষ্ট সব সংস্থার মধ্যে কার্যকর সমন্বয় নিশ্চিত করে প্রকল্পের কাজ এগিয়ে নিতে হবে। পাশাপাশি প্রকল্প শেষ করার জন্য একটি বাস্তবসম্মত সময়সীমা নির্ধারণ এবং নির্ধারিত সময়ের মধ্যে দৃশ্যমান অগ্রগতি নিশ্চিত করার নির্দেশ দেন তিনি।
সভায় প্রকল্পের বর্তমান অবস্থা, বাস্তবায়নে বিদ্যমান জটিলতা এবং পরবর্তী করণীয় নিয়ে সংশ্লিষ্ট কর্মকর্তারা আলোচনা করেন। প্রকল্পের কাজ দ্রুত এগিয়ে নিতে প্রয়োজনীয় প্রশাসনিক ও কারিগরি উদ্যোগ নেওয়ার বিষয়েও গুরুত্ব দেওয়া হয়।
সভায় সড়ক পরিবহন ও সেতু এবং রেলপথ ও নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম, সড়ক পরিবহন ও সেতু এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক আবদুস সালাম, ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক শফিকুল ইসলাম খান মিল্টনসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।