নিউজ বাংলা ডেস্ক : অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলসে জাতীয় রাগবি লিগের গ্র্যান্ড ফাইনাল উপলক্ষে ‘নিউক্যাসল নাইটস’ দলের বাসকে বিদায় জানাতে জড়ো হওয়া সমর্থকদের ভিড়ে একটি গাড়ি ঢুকে পড়ায় ১০ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে ৫ বছরের এক শিশু ও ৬৭ বছরের এক বৃদ্ধের অবস্থা আশঙ্কাজনক।
শনিবার (৩ অক্টোবর) স্থানীয় সময় সকাল সাড়ে ৯টার দিকে নিউক্যাসলের লিংক রোডে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ জানায়, ১৮ বছর বয়সী এক তরুণ ভক্তদের ভিড়ের কাছে গাড়ির ইঞ্জিনের গতি বাড়িয়ে রেস করার চেষ্টা করছিলেন। একপর্যায়ে গাড়িটির নিয়ন্ত্রণ হারিয়ে সেটি ফুটপাতের ওপর উঠে সমর্থকদের ভিড়ে ঢুকে পড়ে। এতে সেখানে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং একাধিক শিশুসহ বেশ কয়েকজন আহত হন।
দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে জরুরি সেবা ও অ্যাম্বুলেন্স কর্মীরা আহতদের উদ্ধার করেন। পরে তাদের স্থানীয় জন হান্টার হাসপাতালে ভর্তি করা হয়। গাড়িটির ১৮ বছর বয়সী চালককে ঘটনাস্থল থেকেই গ্রেপ্তার করেছে পুলিশ।
কর্তৃপক্ষ জানিয়েছে, ঘটনাটি কোনো সন্ত্রাসী হামলা নয়; এটি একটি অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা।
নিউক্যাসলের মেয়র গ্যাভিন মরিস জানান, ওই তরুণ চালক ‘নাইটস’ দলের সমর্থক ছিলেন। উত্তেজনার মধ্যে রেস করার চেষ্টা করতে গিয়ে দুর্ঘটনাটি ঘটে বলে জানান তিনি।
জননিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়ে ‘নাইটস’ দল তাদের পূর্বনির্ধারিত যাত্রাপথ পরিবর্তন করেছে। একই সঙ্গে যারা দলকে বিদায় জানানোর সুযোগ পাননি, তাদের কাছে দুঃখ প্রকাশ করেছে দলটি।