
নিজস্ব প্রতিবেদক
দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে ও নামিবিয়ায় অনুষ্ঠিতব্য ২০২৭ ওয়ানডে বিশ্বকাপের সূচি প্রকাশ করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। আগামী বছরের ৭ অক্টোবর শুরু হয়ে ২১ নভেম্বর পর্দা নামবে ১২ দলের এই বিশ্ব আসরের। টুর্নামেন্টের ফাইনাল ও বহুল প্রতীক্ষিত ভারত-পাকিস্তান মহারণের ভেন্যু হিসেবে নির্ধারণ করা হয়েছে দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গের ঐতিহাসিক ওয়ান্ডারার্স স্টেডিয়াম। বিশ্বকাপে বাংলাদেশের প্রথম প্রতিপক্ষ ইংল্যান্ড।
প্রকাশিত সূচি অনুযায়ী, আগামী ১০ অক্টোবর ওয়ান্ডারার্স স্টেডিয়ামে মুখোমুখি হবে চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান। ২০০৩ সালের ওয়ানডে বিশ্বকাপের ফাইনালও অনুষ্ঠিত হয়েছিল এই মাঠে। দক্ষিণ আফ্রিকার অন্যতম বৃহৎ ও ঐতিহ্যবাহী এই স্টেডিয়ামে একসঙ্গে ৩০ হাজারের বেশি দর্শক খেলা উপভোগ করতে পারবেন। আইকনিক নিউল্যান্ডস স্টেডিয়ামকে পেছনে ফেলে ভারত-পাকিস্তান মহারণের জন্য ওয়ান্ডারার্সকে বেছে নিয়েছে আয়োজকরা।
কেপটাউনের নিউল্যান্ডস স্টেডিয়ামে ৭ অক্টোবর ভারত ও বর্তমান চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার মধ্যকার ম্যাচ দিয়ে শুরু হবে বিশ্বকাপের মূল পর্ব। এর মধ্য দিয়ে ২০২৩ সালের বিশ্বকাপ ফাইনালের দুই প্রতিপক্ষ আবারও মুখোমুখি হবে। মূল পর্বের আগে নামিবিয়ার রাজধানী উইন্ডহুকে অনুষ্ঠিত হবে সুপার সিরিজ। সেখানে তিন দলের প্রতিদ্বন্দ্বিতা থেকে একটি দল মূল পর্বে খেলার সুযোগ পাবে।
বিশ্বকাপের সুপার ৭ পর্বেও ভারত-পাকিস্তানের আরেকটি সম্ভাব্য লড়াই রয়েছে। আগামী ৭ নভেম্বর কেপটাউনে অনুষ্ঠিত হতে পারে দুই চিরপ্রতিদ্বন্দ্বীর দ্বিতীয় ম্যাচ। আসরের প্রথম সেমিফাইনাল অনুষ্ঠিত হবে ১৭ নভেম্বর কেপটাউনের নিউল্যান্ডসে। পরদিন ১৮ নভেম্বর সেঞ্চুরিয়নের সুপারস্পোর্ট পার্কে হবে দ্বিতীয় সেমিফাইনাল।
আগামী ২১ নভেম্বর জোহানেসবার্গের ওয়ান্ডারার্স স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে শিরোপা নির্ধারণী ফাইনাল। ফাইনালের জন্য রাখা হয়েছে রিজার্ভ ডে।
১২ দলের এই বিশ্বকাপে ইতোমধ্যে ১০টি দলের অংশগ্রহণ নিশ্চিত হয়েছে। বাকি দুটি দল আসবে আগামী বছরের বাছাইপর্ব থেকে। গ্রুপ ‘এ’-তে রয়েছে আফগানিস্তান, অস্ট্রেলিয়া, ভারত, পাকিস্তান, জিম্বাবুয়ে ও একটি কোয়ালিফায়ার থেকে উত্তীর্ণ দল। অন্যদিকে গ্রুপ ‘বি’-তে বাংলাদেশের সঙ্গে রয়েছে ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, শ্রীলঙ্কা, নিউজিল্যান্ড ও বাছাইপর্ব থেকে আসা আরেকটি দল।
কোয়ালিফায়ার পর্বের চ্যাম্পিয়ন দল সরাসরি মূল গ্রুপ পর্বে জায়গা করে নেবে। অন্যদিকে রানার্সআপ ও দুই সেমিফাইনালিস্টকে নিয়ে অনুষ্ঠিত হবে সুপার সিরিজ।
বিশ্বকাপের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে তিন দেশের মোট ১২টি ভেন্যুতে। এর মধ্যে নামিবিয়ার উইন্ডহুক, জিম্বাবুয়ের ভিক্টোরিয়া ফলস, হারারে ও বুলাওয়েও এবং দক্ষিণ আফ্রিকার কেপটাউন, পার্ল, জোহানেসবার্গ, সেঞ্চুরিয়ন, ব্লুমফন্টেইন, ডারবান, কু-গোম্পো সিটি (ইস্ট লন্ডন) ও গকেবেরহা (পোর্ট এলিজাবেথ) রয়েছে।
তিন দেশের ১২টি ভেন্যুতে আয়োজিত এই বিশ্বকাপ ঘিরে ইতোমধ্যে ক্রিকেটপ্রেমীদের মধ্যে আগ্রহ তৈরি হয়েছে। বিশেষ করে ভারত-পাকিস্তানের বহুল প্রতীক্ষিত লড়াই এবং স্বাগতিক দক্ষিণ আফ্রিকার মাঠে বিশ্বকাপের ফাইনাল আসরের অন্যতম আকর্ষণ হয়ে উঠবে।