নিউজ বাংলা ডেস্ক : হাদির মৃত্যুর পর জামায়াত-শিবির ‘আম্মারদের’ মাধ্যমে ইনকিলাব মঞ্চ দখল করেছিল বলে দাবি করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান। একই সঙ্গে তিনি জামায়াত-শিবিরের বিরুদ্ধে ‘আম্মার-নাসিরদের’ মতো ব্যক্তিদের ব্যবহার ও পরে তাদের বিরুদ্ধে অবস্থান নেওয়ার অভিযোগ করেছেন।
বুধবার (৩০ সেপ্টেম্বর) দিবাগত রাতে নিজের ফেসবুক পোস্টে এসব মন্তব্য করেন রাশেদ খান।
পোস্টে তিনি দাবি করেন, ইনকিলাব মঞ্চসহ পরবর্তী সময়ে গড়ে ওঠা বিভিন্ন অরাজনৈতিক নামধারী সংগঠনের বেশিরভাগই ‘গুপ্তদের’ নিয়ন্ত্রণে রয়েছে। তার ভাষ্য, শহীদ ওসমান হাদি মহৎ উদ্দেশ্য নিয়ে ইনকিলাব মঞ্চ প্রতিষ্ঠা করে থাকতে পারেন, তবে তার মৃত্যুর পর জামায়াত-শিবির ‘আম্মারদের’ মাধ্যমে সংগঠনটি দখল করে নেয়।
রাশেদ খান তার পোস্টে আরও বলেন, ‘জামায়াত শিবির আম্মার-নাসিরদের মতো নরকের কীট পালে, আবার প্রয়োজন শেষে পিষেও মারে!’
তিনি আরও লিখেছেন, ‘যেহেতু গুপ্তদের চরিত্র ও পরিচয় উন্মোচন হচ্ছে, শিবিরও আর এদের দায়দায়িত্ব নিয়ে নিচ্ছে না, সুতরাং এর পর থেকে সাধারণ চরিত্র ধারণ করে যারা অস্বাভাবিক আচরণ ও বাক্য বিনিময় করবে, তাদের জবাবটা রাজনৈতিকভাবেই দিতে হবে।’