নিউজ বাংলা ডেস্ক : গলফ খেলার অভিজ্ঞতায় প্রযুক্তি, বিনোদন ও সামাজিক আয়োজনকে একসঙ্গে যুক্ত করে আজ আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করছে ‘বসুন্ধরা সুপার গলফ’। এখানে শট নেওয়ার পর বল খুঁজতে মাঠে যেতে হবে না। স্বয়ংক্রিয় প্রযুক্তির মাধ্যমে বল মাটির নিচের ব্যবস্থায় চলে যাবে সংগ্রহস্থলে, সেখানেই পরিষ্কার হয়ে নির্দিষ্ট পাইপ দিয়ে আবার সংশ্লিষ্ট বে’র টি পয়েন্টে ফিরে আসবে।
সাধারণ গলফ কোর্সে জোরালো শটের পর বল কয়েক শ ফুট দূরে চলে যেতে পারে। অনেক সময় সেটি খুঁজে বের করতে গলফবয়দের সহায়তা নিতে হয়, আবার কখনো বল হারিয়েও যায়। বসুন্ধরা সুপার গলফে স্বয়ংক্রিয় বল সংগ্রহ ও ফেরত দেওয়ার প্রযুক্তি এই সমস্যার সমাধান করেছে।
২৪ সেপ্টেম্বর থেকে আনুষ্ঠানিকভাবে চালু হওয়া এই স্থাপনার মূল ধারণা ‘মোর দ্যান গলফ’। অর্থাৎ এখানে শুধু গলফ খেলার ব্যবস্থা নয়; পরিবার, বন্ধু, ব্যবসায়িক বৈঠক ও অবসর বিনোদনের জন্যও রাখা হয়েছে নানা আয়োজন। বিস্তৃত এই স্থাপনায় রয়েছে ৬৮টি ডিলাক্স বে। প্রতিটি বে-তে একসঙ্গে সর্বোচ্চ ছয়জন খেলতে পারবেন।
ঘণ্টাভিত্তিক খেলার সুবিধার পাশাপাশি বে থেকেই পাশের রেস্টুরেন্টে খাবারের অর্ডার করা যাবে। ফলে খেলার বিরতিতে খাবার বা আড্ডার জন্য আলাদা কোথাও যেতে হবে না। এ ছাড়া রয়েছে ১৭টি ভিআইপি সুইটস। প্রতিটি সুইটে সর্বোচ্চ ১৬ জন একসঙ্গে সময় কাটাতে পারবেন। এসব সুইটে আলাদা শীতাতপ নিয়ন্ত্রিত কক্ষ, ব্যক্তিগত বৈঠক ও ব্যবসায়িক উপস্থাপনার ব্যবস্থা রয়েছে। প্রয়োজন অনুযায়ী রেস্টুরেন্ট থেকেও খাবার অর্ডার করা যাবে।
ডিলাক্স বে ও ভিআইপি সুইট—দুই জায়গাতেই গলফ খেলার সুযোগ রয়েছে। নির্দিষ্ট অ্যাপে অ্যাকাউন্ট খুলে অথবা অতিথি হিসেবেও খেলায় অংশ নেওয়া যায়। অ্যাকাউন্ট থাকলে বাড়তি সুবিধার পাশাপাশি নিজের সেরা শট সমাজমাধ্যমে প্রকাশ করার সুযোগও রয়েছে।
ড্রাইভিং রেঞ্জে বাস্তব শট নিয়ে ভার্চুয়াল ব্যবস্থায় বিশ্বের বিভিন্ন বিখ্যাত গলফ কোর্সে খেলার অভিজ্ঞতা নেওয়া যাবে। এর মধ্যে ঐতিহাসিক সেন্ট অ্যান্ড্রুসও রয়েছে। দুই ধরনের স্পেসেই শাওয়ার সুবিধা রাখা হয়েছে। শিক্ষার্থীদের জন্য গলফের পাশাপাশি ওপেন ডিসকাশনের সুযোগও রয়েছে।
গলফ খেলতে সাধারণত ক্লাবসহ নানা প্রস্তুতি ও অতিরিক্ত খরচের প্রয়োজন হয়। বসুন্ধরা সুপার গলফে একসঙ্গে এসব সুবিধা পাওয়া যাচ্ছে। ক্লাবের পাশাপাশি রয়েছে আনলিমিটেড বল। ফলে তুলনামূলকভাবে সহজ ব্যবস্থায় গলফ খেলার সুযোগ থাকছে।
সকাল ৬টা থেকে রাত ২টা পর্যন্ত এখানে খেলা যাবে। ডিলাক্স বে-তে সময় অনুযায়ী রয়েছে অফ-পিক লো, অফ-পিক মিড ও পিক—তিন ধরনের আয়োজন। অফ-পিক লো চলবে সকাল ৬টা থেকে ১০টা পর্যন্ত। রবি থেকে বুধ রাত ১০টা থেকে ২টা পর্যন্তও থাকবে এই সময়সীমা। এ সময়ে ঘণ্টায় ২ হাজার ৫০০ টাকায় সর্বোচ্চ ছয়জন খেলতে পারবেন।
সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত চলবে অফ-পিক মিড। বৃহস্পতি, শুক্র ও শনিবার রাত ১০টা থেকে ২টা পর্যন্তও এই সময় প্রযোজ্য। এ সময়ে ঘণ্টাপ্রতি ৫ হাজার টাকায় ছয়জন খেলতে পারবেন। আর সন্ধ্যা ৬টা থেকে রাত ১০টা পর্যন্ত ডিলাক্স বে-তে থাকবে পিক আওয়ার। এ সময়ে ঘণ্টায় ৬ হাজার ৫০০ টাকায় সর্বোচ্চ ছয়জন খেলার সুযোগ পাবেন।
ভিআইপি সুইটস ব্যবহার করা যাবে শুধু পিক আওয়ারে, অর্থাৎ সন্ধ্যা ৬টা থেকে রাত ১০টা পর্যন্ত। ঘণ্টাপ্রতি ৩০ হাজার টাকায় সেখানে সর্বোচ্চ ১৬ জন খেলতে পারবেন।
এ ছাড়া রয়েছে বিভিন্ন ধরনের মেম্বারশিপ। বছরে ২ লাখ টাকায় নেওয়া যাবে প্লাটিনাম মেম্বারশিপ। এতে রবি থেকে বৃহস্পতি বিকেল ৫টা থেকে এবং শুক্র ও শনিবার বিকেল ৩টা থেকে খেলার সুযোগ থাকবে। রেস্টুরেন্টে ১০ শতাংশ এবং মিটিং ও ইভেন্টে ১৫ শতাংশ ছাড়ও পাওয়া যাবে।
অল অ্যাকসেস প্লাটিনাম প্লাস মেম্বারশিপের বার্ষিক মূল্য ৫ লাখ টাকা। এতে যেকোনো দিন যেকোনো সময়ে আনলিমিটেড খেলা যাবে। মিটিং ও ইভেন্টে ২০ শতাংশ, রেস্টুরেন্টে ১৫ শতাংশ এবং ভেন্যুতে ১০ শতাংশ ছাড় রয়েছে। এ মেম্বারশিপে মাসে একবার বিকেল ৫টার আগে ভিআইপি সুইটস ব্যবহারের সুযোগও থাকবে। এর পাশাপাশি রয়েছে করপোরেট প্লাটিনাম, করপোরেট প্লাটিনাম প্লাস, ফ্যামিলি প্যাকেজ, সাবস্ক্রিপশন ও বাইআউটস।
গলফের বাইরেও খাবারের জন্য রাখা হয়েছে বিভিন্ন আয়োজন। ক্যাফে অ্যামাজন, টেরা চায়না ও আরবান ক্রেভে ভিন্ন ধরনের খাবারের ব্যবস্থা রয়েছে। টেরা চায়নায় চীন ও জাপানের ঐতিহ্যকে নকশা ও পরিবেশে তুলে ধরা হয়েছে। রয়েছে ব্যানকুইট হল, যেখানে সামাজিক অনুষ্ঠান, মেহেদিসন্ধ্যা ও করপোরেট আয়োজন করা যাবে।
পরিবার নিয়ে আসা অতিথিদের শিশুদের জন্য রয়েছে কিডস ক্লাব। সেখানে শিশুদের জন্য বিভিন্ন আয়োজনের পাশাপাশি জন্মদিনের অনুষ্ঠানও করা যাবে।
বসুন্ধরা সুপার গলফের অন্যতম আকর্ষণ ‘নাইনটিনথ হোল’। ইউরোপের গলফ সংস্কৃতিতে ১৮ হোলে খেলা শেষ করার পর খেলোয়াড়রা যে জায়গায় একসঙ্গে বসে গল্প, আনন্দ ও উদযাপন করতেন, সেটিই ধীরে ধীরে ‘নাইনটিনথ হোল’ নামে পরিচিত হয়। সেই ঐতিহ্যের ধারণা থেকেই এখানে তৈরি হয়েছে নাইনটিনথ হোল রেস্টুরেন্ট।
গলফ অনুশীলনের জন্য রয়েছে চারটি ইনডোর সিমুলেটর। এর মাধ্যমে ২০৭টি গলফ কোর্সে ভার্চুয়ালি খেলার সুযোগ রয়েছে। বাস্তব কোর্সের মতো উঁচু-নিচু ভূখণ্ডের পরিস্থিতিও তৈরি করা যায়। পাটিংয়ের জন্য রয়েছে তিনটি হোল। একসঙ্গে সর্বোচ্চ আটজন লগইন করে খেলতে পারবেন। কিডস, লেডিস ও মেনস—বিভিন্ন বিভাগে খেলার পাশাপাশি টুর্নামেন্ট আয়োজনের সুযোগও রয়েছে।
সুবিধার পাশাপাশি নিরাপত্তা ও প্রয়োজনীয় সেবার ব্যবস্থাও রাখা হয়েছে। তাৎক্ষণিক সহায়তার জন্য রয়েছে মেডিক্যাল রুম। ছোট-বড় বৈঠকের জন্য আছে পাঁচটি মিটিং রুম, যেখানে দুই থেকে ১০ জন পর্যন্ত একসঙ্গে বসতে পারবেন। গলফের বাইরে বিনোদনের জন্য রয়েছে বিলিয়ার্ড রুম, যেখানে তিনটি বিলিয়ার্ড বোর্ড রয়েছে।
গলফের সঙ্গে বিনোদন
ডিলাক্স বে
বসুন্ধরা সুপার গলফের প্রথম ও দ্বিতীয় তলায় থাকা ৬৮টি ডিলাক্স বে-তে একসঙ্গে সর্বোচ্চ ছয়জন খেলতে পারবেন। নির্দিষ্ট ঘণ্টাভিত্তিক খরচে গলফ খেলার পাশাপাশি বন্ধু, পরিবার ও সহকর্মীদের সঙ্গে সময় কাটানোর সুযোগ রয়েছে।
প্রতিটি বে-তে রয়েছেন প্রশিক্ষিত বে হোস্ট। গলফ খেলা ও সংশ্লিষ্ট বিষয়ে প্রয়োজনীয় সহযোগিতা দেবেন তাঁরা। খাবারের জন্য বে থেকেই পাশের রেস্টুরেন্টে অর্ডার করা যাবে। বে রানার সেই খাবার পৌঁছে দেবেন।
ডিলাক্স বে-তে অ্যাকাউন্ট খুলে অথবা অতিথি হিসেবেও খেলা যায়। ড্রাইভিং রেঞ্জে বাস্তব শট নিয়ে ভার্চুয়াল ব্যবস্থায় বিশ্বের বিভিন্ন বিখ্যাত কোর্সে খেলার সুযোগ রয়েছে। সেন্ট অ্যান্ড্রুসসহ বিভিন্ন গলফ কোর্সের অভিজ্ঞতা প্রযুক্তির মাধ্যমে নেওয়া যাবে। এখানে শাওয়ার সুবিধাও রয়েছে।
সকাল ৬টা থেকে রাত ২টা পর্যন্ত খেলার সুযোগের পাশাপাশি সময়ভেদে অফ-পিক লো, অফ-পিক মিড ও পিক আওয়ারের ব্যবস্থা রয়েছে। শিক্ষার্থীরাও গলফের পাশাপাশি গ্রুপ ডিসকাশনে অংশ নিতে পারবেন।
আড্ডার ঠিকানা নাইনটিনথ হোল
গলফের ১৮ হোল শেষ হওয়ার পর খেলোয়াড়দের একসঙ্গে বসে গল্প ও আনন্দ করার ঐতিহ্য থেকেই ‘নাইনটিনথ হোল’ ধারণার জন্ম। বসুন্ধরা সুপার গলফে সেই ঐতিহ্য অনুসরণ করে তৈরি হয়েছে নাইনটিনথ হোল রেস্টুরেন্ট।
এটি শুধু খাবারের জায়গা নয়, গলফ শেষে খেলোয়াড়দের বসে সময় কাটানোরও একটি পরিসর। বন্ধু, সহকর্মী বা অন্যদের সঙ্গে খেলার অভিজ্ঞতা নিয়ে আলোচনা ও আড্ডা দেওয়া যাবে এখানে।
‘মোর দ্যান গলফ’ ধারণার সঙ্গে সামঞ্জস্য রেখে খেলার বাইরেও সামাজিকতা ও বিনোদনের সুযোগ রাখার যে পরিকল্পনা, নাইনটিনথ হোল তারই একটি অংশ। গলফ শেষ হলেও আড্ডা ও সময় কাটানোর সুযোগ এখানে থাকছে।
একসঙ্গে ২০৭ গলফ কোর্স
ইনডোর সিমুলেটর
বসুন্ধরা সুপার গলফে রয়েছে চারটি ইনডোর সিমুলেটর। এর তিনটিতে গেস্টরা খেলতে পারবেন এবং একটি সিমুলেটরে গলফ কোচের অধীনে প্রশিক্ষণ নেওয়ার সুযোগ রয়েছে।
সিমুলেটরগুলোতে ২০৭টি বিশ্বখ্যাত গলফ কোর্সে খেলার ব্যবস্থা রয়েছে। বিভিন্ন কোর্সের বাস্তব পরিস্থিতির কাছাকাছি অভিজ্ঞতা দিতে উঁচু-নিচু ভূখণ্ডের পরিস্থিতিও তৈরি করা যায়। পাটিং অনুশীলনের জন্য রয়েছে তিনটি হোল।
একসঙ্গে সর্বোচ্চ আটজন লগইন করে খেলতে পারবেন। কিডস, লেডিস ও মেনস—বিভিন্ন বিভাগে খেলার পাশাপাশি টুর্নামেন্টও আয়োজন করা যাবে। ফলে অনুশীলন, বিনোদন ও প্রতিযোগিতা—তিন ধরনের ব্যবহারের সুযোগ রয়েছে এই সিমুলেটরগুলোতে।
গল্পের সঙ্গে বিলিয়ার্ড
বিলিয়ার্ড রুম
গলফের পাশাপাশি বিনোদনের জন্য বসুন্ধরা সুপার গলফে রয়েছে বিলিয়ার্ড রুম। এখানে তিনটি বিলিয়ার্ড বোর্ড রাখা হয়েছে। বন্ধু, সহকর্মী কিংবা পরিবারের সদস্যদের সঙ্গে খেলতে বা আড্ডা দিতে পারবেন অতিথিরা।
গলফের বিরতিতে কিংবা খেলা শেষে বিলিয়ার্ড খেলার সুযোগ রয়েছে। চাইলে বন্ধুদের মধ্যে প্রতিযোগিতাও করা যাবে। গলফের বাইরে অন্য একটি বিনোদনের ব্যবস্থা হিসেবে এই রুম রাখা হয়েছে।
বিলিয়ার্ড রুমে একটি গেম খেলার খরচ ৫০০ টাকা। দুজন মিলে খেলার পাশাপাশি ঘণ্টাপ্রতি চারজনের খেলার সুযোগও রয়েছে।
জরুরি মিটিং ব্যবস্থা
ভিআইপি সুইটস
বসুন্ধরা সুপার গলফের তৃতীয় তলায় রয়েছে ১৭টি ভিআইপি সুইটস। প্রতিটিতে সর্বোচ্চ ১৬ জন একসঙ্গে সময় কাটাতে পারবেন। সুইটগুলো থেকে ড্রাইভিং রেঞ্জের দৃশ্যও দেখা যায়।
প্রতিটি সুইটে রয়েছে আলাদা শীতাতপ নিয়ন্ত্রিত কক্ষ, ব্যক্তিগত বৈঠকের সুযোগ এবং ব্যবসায়িক প্রেজেন্টেশনের ব্যবস্থা। ফলে গলফের পাশাপাশি করপোরেট মিটিং, ব্যবসায়িক আলোচনা কিংবা ব্যক্তিগত আয়োজনও করা সম্ভব।
সুইট থেকেই রেস্টুরেন্টে খাবারের অর্ডার দেওয়া যাবে। গলফ খেলার জন্য অ্যাকাউন্ট খুলে অথবা অতিথি হিসেবেও অংশ নেওয়া যায়। ড্রাইভিং রেঞ্জে বাস্তব শট নিয়ে সেন্ট অ্যান্ড্রুসসহ বিভিন্ন বিখ্যাত গলফ কোর্সে ভার্চুয়াল খেলার অভিজ্ঞতা নেওয়া যাবে। শাওয়ারের ব্যবস্থাও রয়েছে।
ডিলাক্স বে-এর মতো ভিআইপি সুইটসেও বে হোস্ট ও বে রানার থাকবেন। বে হোস্ট গলফ খেলায় সহযোগিতা করবেন এবং বে রানার খাবারসহ অন্যান্য প্রয়োজনীয় বিষয় দেখবেন। মেম্বারশিপের মাধ্যমে বছরজুড়ে গলফ খেলার সুযোগও নেওয়া যাবে।
শিশুদের জন্য নানা আয়োজন
কিডস ক্লাব
বড়দের গলফ আয়োজনের পাশাপাশি শিশুদের জন্যও বসুন্ধরা সুপার গলফে রয়েছে কিডস ক্লাব। এখানে শিশুদের জন্য বিভিন্ন আয়োজন রাখা হয়েছে। জন্মদিনের অনুষ্ঠান আয়োজনের ব্যবস্থাও রয়েছে।
পরিবারের বড়রা যখন গলফ খেলবেন, তখন শিশুরা কিডস ক্লাবে নিজেদের মতো করে সময় কাটাতে পারবে। ফলে একই স্থানে পরিবারের বিভিন্ন সদস্যের জন্য আলাদা বিনোদনের সুযোগ থাকছে।
কিডস ক্লাবকে শিশুদের বিনোদন, শিক্ষা ও সামাজিকতার জন্য একটি আলাদা পরিসর হিসেবে সাজানো হয়েছে। গলফ বে, রেস্টুরেন্ট, ক্যাফে, ভিআইপি সুইটস, ইনডোর সিমুলেটর ও বিলিয়ার্ড রুমের পাশাপাশি শিশুদের জন্য এই আয়োজন ‘মোর দ্যান গলফ’ ধারণাকে আরও বিস্তৃত করেছে।
বসুন্ধরা সুপার গলফের হেড অব অপারেশনস হিসেবে দায়িত্ব পালন করছেন রেজাউর রহমান খান। বে অপারেশনস ম্যানেজার অ্যান্ড হেড অব পিআর হিসেবে রয়েছেন অরূপ ফেভিয়ান গমেজ। তাঁদের মতে, বসুন্ধরা সুপার গলফকে কেন্দ্র করে খুব শিগগির একটি কমিউনিটি গড়ে উঠবে, যেখানে গলফের পাশাপাশি ব্যবসায়িক সম্পর্ক ও বিনোদনও একসঙ্গে যুক্ত হবে।