নিউজ বাংলা ডেস্ক : জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের প্রথম দিনেই নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরের কাছে সন্দেহজনক একটি স্যুটকেসকে ঘিরে বোমা আতঙ্ক তৈরি হয়। নিরাপত্তার কারণে ঘটনাস্থলের আশপাশের কয়েকটি গুরুত্বপূর্ণ সড়ক বন্ধ করে দেয় পুলিশ ও সিক্রেট সার্ভিস। একই সঙ্গে সাধারণ মানুষকে ওই এলাকা এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়।
পরে বিশেষায়িত বোমা স্কোয়াডের তল্লাশিতে স্যুটকেসটি পরীক্ষা করা হয়। নিউইয়র্ক সিটি পুলিশ বিভাগ (এনওয়াইপিডি) জানায়, সেটিতে কোনো ধরনের বিপজ্জনক বস্তু পাওয়া যায়নি এবং এলাকাটি নিরাপদ। এরপর দ্রুত অধিকাংশ সড়ক আবার যান চলাচলের জন্য খুলে দেওয়া হয়।
প্রাথমিকভাবে দ্বিতীয় ও লেক্সিংটন এভিনিউয়ের মধ্যবর্তী ৪২তম থেকে ৪৪তম স্ট্রিট পর্যন্ত কয়েকটি ব্লকে যানবাহন ও পথচারীদের চলাচল পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়েছিল। বোমা স্কোয়াডের তদন্তে কোনো ঝুঁকি না মেলায় অধিকাংশ রাস্তা খুলে দেওয়া হয়। তবে তৃতীয় ও লেক্সিংটন এভিনিউয়ের মধ্যবর্তী ৪৩তম স্ট্রিটে কিছু সময়ের জন্য বিধিনিষেধ বহাল ছিল।
ঘটনাস্থলে থাকা এক স্থানীয় কর্মজীবী জানান, দুপুরের দিকে হঠাৎ একের পর এক ভিআইপি গাড়ির বহর ও পুলিশের উপস্থিতি দেখা যায় এবং পুরো সড়ক ঘিরে ফেলা হয়। আরেক প্রত্যক্ষদর্শীর ভাষ্য, ৪২তম স্ট্রিটের উত্তর পাশের থার্ড এভিনিউ প্রায় দুই ঘণ্টা বন্ধ রাখা হয়েছিল এবং সেখানে পুলিশ মোতায়েন ছিল।
পরিত্যক্ত কোনো স্যুটকেস বা ব্যাগ থেকেই এই নিরাপত্তা উদ্বেগের সৃষ্টি হয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছিল। জাতিসংঘের উচ্চ পর্যায়ের সাধারণ বিতর্কের অনুষ্ঠান নিউইয়র্কে ২২ থেকে ২৬ সেপ্টেম্বর এবং ২৮ সেপ্টেম্বর পর্যন্ত অনুষ্ঠিত হচ্ছে। এবারের অধিবেশনে জলবায়ু পরিবর্তন, উন্নয়ন ও মহামারি মোকাবেলাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।
বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানদের উপস্থিতিকে কেন্দ্র করে জাতিসংঘ সদর দপ্তর ও এর আশপাশে আগে থেকেই কঠোর নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে। সদর দপ্তর থেকে মাত্র কয়েক ব্লক দূরে সন্দেহজনক স্যুটকেস পাওয়ার ঘটনায় তাই অল্প সময়ের জন্য এলাকায় ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়।