নিউজ বাংলা ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আমন্ত্রণে আয়োজিত নৈশভোজে স্ত্রীকে সঙ্গে নিয়ে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। নিউইয়র্কে বাংলাদেশের স্থায়ী মিশনে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে প্রধানমন্ত্রীর সফর এবং বিভিন্ন বৈঠকের তথ্য তুলে ধরেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী ড. হুমায়ন কবির ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. মাহদী আমিন।
স্থানীয় সময় বিকেলে অনুষ্ঠিত ওই ব্রিফিংয়ে ড. মাহাদী আমিন জানান, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দেওয়া নৈশভোজে সস্ত্রীক উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনকে কেন্দ্র করে এর আগে একাধিক বৈঠক ও কর্মসূচিতেও অংশ নেন সরকারপ্রধান। ব্রিফিংয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির জানান, তুরস্ক বাংলাদেশে বিনিয়োগের পাশাপাশি রাজনৈতিক ও সামরিক ক্ষেত্রেও পূর্ণ সমর্থন দিতে আগ্রহ প্রকাশ করেছে।
এদিকে জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান বলেন, বর্তমানে বাংলাদেশে প্রায় ১২ লাখ রোহিঙ্গা অবস্থান করছে। শরণার্থী শিবিরে থাকা এসব রোহিঙ্গার জন্য আরও আন্তর্জাতিক অর্থায়নের প্রয়োজন রয়েছে।
তিনি জানান, রোহিঙ্গাদের নিরাপদ ও টেকসই প্রত্যাবাসন নিশ্চিত করার বিষয়ে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের পাশাপাশি দ্বিপাক্ষিক ও সাইডলাইন বৈঠকেও সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা অব্যাহত রয়েছে।
অন্যদিকে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ জানান, বাংলাদেশে কার্যালয় স্থাপনের বিষয়ে আগ্রহ প্রকাশ করেছে প্রযুক্তি প্রতিষ্ঠান মেটা। শিক্ষা, ব্যবসা ও ডিজিটাল প্ল্যাটফর্মসহ বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশের সক্ষমতা বৃদ্ধিতে সহযোগিতা করার আগ্রহও জানিয়েছে প্রতিষ্ঠানটি।