
নিজস্ব প্রতিবেদক
বিএনপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির বৈঠক চলছে। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টায় রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারম্যানের কার্যালয়ে এ বৈঠক শুরু হয়।
বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে বৈঠকটি অনুষ্ঠিত হচ্ছে বলে জানিয়েছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।
বৈঠকে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদসহ জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও সরকারের কয়েকজন মন্ত্রী, উপদেষ্টা এবং দলীয় নেতারা উপস্থিত রয়েছেন।
বৈঠকে উপস্থিত নেতাদের মধ্যে রয়েছেন—জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও সংসদ সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী ড. আব্দুল মঈন খান, প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা নজরুল ইসলাম খান, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ, অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, সংসদ সদস্য বেগম সেলিমা রহমান ও আমান উল্লাহ আমান।
এ ছাড়া প্রধানমন্ত্রীর জনপ্রশাসন উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ এবং বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ডা. ফরহাদ হালিম ডোনারও বৈঠকে উপস্থিত রয়েছেন।
বৈঠকে দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি, সরকারের বিভিন্ন কার্যক্রম এবং দলীয় গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হতে পারে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।