নিউজ বাংলা ডেস্ক : টাঙ্গাইলের মধুপুরে এক ভাঙ্গারি ব্যবসায়ীর বাড়ি থেকে নবম-দশম শ্রেণির ২০২৫ শিক্ষাবর্ষের ২ হাজার ২৬২টি সরকারি পাঠ্যবই উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় মো. ইব্রাহীম হোসেন নামে ওই ব্যবসায়ীকে আটক করা হয়েছে।
বুধবার (১৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় মধুপুর পৌর এলাকার নরকোনা গ্রামে ভ্যানযোগে বইগুলো অন্যত্র নেওয়ার সময় স্থানীয়দের সন্দেহ হয়। তারা পুলিশকে বিষয়টি জানালে ঘটনাস্থলে গিয়ে বইগুলো জব্দ করে পুলিশ। পরে ভাঙ্গারি ব্যবসায়ী ইব্রাহীম হোসেনকে আটক করা হয়।
উদ্ধার হওয়া বইয়ের মধ্যে রয়েছে ইংরেজি ব্যাকরণ ৬০০টি, বাংলা ব্যাকরণ ৪৬৮টি, গণিত ৩১২টি, বাংলা সাহিত্য ১৫০টি এবং বাংলা সহপাঠ ৪২০টি।
আটক ইব্রাহীম হোসেনের দাবি, মধুপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের নৈশপ্রহরী তোফায়েল আহমেদের কাছ থেকে প্রতি কেজি ২০ টাকা দরে তিনি বইগুলো কিনেছেন।
তবে বই বিতরণের দায়িত্বে থাকা একাডেমিক সুপারভাইজার মো. মহিউদ্দীন দাবি করেছেন, তার অগোচরে এসব বই সরিয়ে নেওয়া হয়ে থাকতে পারে।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন মধুপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা (অতিরিক্ত) বাবুল হাসান। তিনি জানান, সরকারি পাঠ্যবই কীভাবে গুদাম থেকে বাইরে গেল এবং এর সঙ্গে কারও সংশ্লিষ্টতা রয়েছে কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে।
মধুপুরের ইউএনও মো. সাইফুল ইসলাম জানান, বিনা মূল্যে শিক্ষার্থীদের মধ্যে বিতরণের জন্য বরাদ্দ করা বইগুলো কীভাবে বাইরে এসেছে, তা খতিয়ে দেখা হবে। তদন্তে কারও সম্পৃক্ততা পাওয়া গেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
এ ঘটনায় মধুপুর থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে। উদ্ধার করা বইগুলো জব্দ তালিকাভুক্ত করা হয়েছে। পাশাপাশি নৈশপ্রহরী তোফায়েলের বিরুদ্ধে ওঠা অভিযোগের সত্যতাও তদন্ত করে দেখা হচ্ছে।