নিউজ বাংলা ডেস্ক : ঢাকা মেট্রো রেলের সচিবালয় স্টেশনে ওভারহেড ক্যাটেনারি সিস্টেমের (ওসিএস) ক্যাবলের ওপর অতিরিক্ত একটি তার ঝুলে থাকায় নিরাপত্তার কারণে ২০ মিনিট ট্রেন চলাচল বন্ধ রাখা হয়। পরে ঝুলে থাকা তারটি সরিয়ে নেওয়ার পর আবার নির্ধারিত নিয়মে মেট্রো রেল চলাচল শুরু হয়েছে।
বুধবার (৯ সেপ্টেম্বর) সকালে সচিবালয় স্টেশনের প্ল্যাটফর্ম এলাকায় এ ঘটনা ঘটে। এমআরটি পুলিশের পরিদর্শক (অপারেশন) মোহাম্মদ মহসিন গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
সংশ্লিষ্ট সূত্র জানায়, সকাল ৭টা ১০ মিনিটের দিকে স্টেশনের প্ল্যাটফর্মে ওসিএস ক্যাবলের ওপর একটি অচেনা তার ঝুলতে দেখা যায়। বিদ্যুতায়িত মূল লাইনের নিরাপত্তা নিশ্চিত করতে তাৎক্ষণিকভাবে ওই পথে মেট্রো রেলের চলাচল বন্ধ করে দেওয়া হয়।
পরে ঝুলে থাকা তারটি অপসারণে কাজ শুরু হয়। সকাল ৭টা ১০ মিনিট থেকে ৭টা ৩০ মিনিট পর্যন্ত ২০ মিনিটের প্রচেষ্টায় তারটি সরিয়ে ফেলা সম্ভব হয়।
তারটি অপসারণের কাজ শেষ হওয়ার পর সকাল ৭টা ৩০ মিনিট থেকে মেট্রো রেল চলাচল আবার স্বাভাবিক হয়। বর্তমানে নির্ধারিত সূচি অনুযায়ী ট্রেন চলাচল করছে।