নিউজ বাংলা ডেস্ক : মুক্তিযুদ্ধের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আবুল কালাম আযাদের আপিল শুনানির জন্য গ্রহণ করা হবে কি না, সে বিষয়ে আজ সোমবার (৭ সেপ্টেম্বর) আদেশ দিচ্ছেন না সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।
আপিল বিভাগে আরও একটি গুরুত্বপূর্ণ মামলার শুনানি থাকায় আবুল কালামের আপিল সংক্রান্ত আদেশের দিন পিছিয়ে যাচ্ছে। বিষয়টি নিশ্চিত করেছেন তার আইনজীবী ব্যারিস্টার এহসান এ সিদ্দিক।
এর আগে আপিল বিভাগ গত ৩১ আগস্ট এ বিষয়ে আদেশের জন্য ৭ সেপ্টেম্বর দিন ধার্য করেছিলেন। ওইদিন আবুল কালামের পক্ষে আদালতে শুনানি করেন ব্যারিস্টার এহসান এ সিদ্দিক। রাষ্ট্রপক্ষে ছিলেন চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম।
এর আগে সুপ্রিম কোর্টের সংশ্লিষ্ট শাখায় করা আপিলে আবুল কালাম বিলম্ব মার্জনার আবেদন জানান। একই সঙ্গে আপিল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত তার সাজা স্থগিত রাখারও আবেদন করেন।
পলাতক অবস্থায় থাকা আবুল কালাম আযাদকে ২০১৩ সালের ২১ জানুয়ারি মৃত্যুদণ্ড দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। স্বাধীনতার ৪১ বছর পর মানবতাবিরোধী অপরাধের বিচারের জন্য গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের কোনো মামলায় এটিই ছিল প্রথম রায়।