নিউজ বাংলা ডেস্ক : রাজধানীর বাড্ডায় একটি ফার্নিচারের গোডাউনে লাগা আগুন প্রায় এক ঘণ্টার মধ্যে নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস। রোববার সকাল ৯টা ৫৮ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে বলে জানিয়েছে সংস্থাটি।
ফায়ার সার্ভিসের তথ্য অনুযায়ী, সকাল পৌনে ৯টার দিকে গোডাউনটিতে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। সকাল ৮টা ৫৫ মিনিটে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজে যোগ দেয় ফায়ার সার্ভিসের দুটি ইউনিট।
এ সময় আরও দুটি ইউনিট ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়েছিল। তবে ওই ইউনিট দুটি পৌঁছানোর আগেই সকাল ৯টা ৫৮ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।
তাৎক্ষণিকভাবে অগ্নিকাণ্ডের সূত্রপাতের কারণ এবং এতে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, সে বিষয়ে কোনো তথ্য জানাতে পারেনি ফায়ার সার্ভিস।