নিউজ বাংলা ডেস্ক : ছয় দফা দাবি আদায়ের লক্ষ্যে জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্য জোটের ঢাকা-চট্টগ্রাম লং মার্চ শুরু হয়েছে। শনিবার সকাল সোয়া ৮টার পর রাজধানীর মতিঝিলের শাপলা চত্বর থেকে কর্মসূচিটি শুরু হয়। এর আগে সকাল ৭টায় একই স্থানে সমাবেশ করেন জোটের নেতাকর্মীরা।
জোটের ছয় দফা দাবির মধ্যে রয়েছে গণভোটের রায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার, বিদ্যুৎ, তেল, গ্যাস ও সার সংকটের সমাধান, নিত্যপণ্যের মূল্যবৃদ্ধি ঠেকাতে চাঁদাবাজি ও দুর্নীতি বন্ধ, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং সংকীর্ণ দলীয়করণ বন্ধ করা।
লং মার্চ চলাকালে কয়েকটি স্থানে পথসভা করার কর্মসূচি রয়েছে। এর মধ্যে নারায়ণগঞ্জের কাচপুর ব্রিজসংলগ্ন ট্রাকস্ট্যান্ড, কুমিল্লার পদুয়া বাজার বিশ্বরোড, ফেনীর মহীপাল ও মীরসরাইয়ে পথসভা অনুষ্ঠিত হবে। কর্মসূচির শেষ পর্যায়ে চট্টগ্রামের লালদীঘি ময়দানে জনসভা করার কথা রয়েছে।
গত ৬ আগস্ট ঢাকার মুক্তাঙ্গনে আয়োজিত জোটের অবস্থান কর্মসূচি থেকে সেপ্টেম্বর থেকে নভেম্বর পর্যন্ত ঢাকা থেকে চারটি বিভাগীয় শহরে লং মার্চ ও মহাসমাবেশের কর্মসূচি ঘোষণা করা হয়। জোটের শীর্ষ নেতা ও জামায়াতে ইসলামীর ডা. আমির শফিকুর রহমান ওই কর্মসূচি ঘোষণা করেন।
ঘোষিত সময়সূচি অনুযায়ী, আগামী ১৯ সেপ্টেম্বর ঢাকা থেকে রংপুর, ১০ অক্টোবর ঢাকা থেকে খুলনা এবং ২৪ অক্টোবর ঢাকা থেকে সিলেটে লং মার্চ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। সিলেটের কর্মসূচি রেলপথে হবে। এসব কর্মসূচির পর ১৪ নভেম্বর ঢাকায় মহাসমাবেশ করার কথা রয়েছে।